ঢাকা, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লোকসভার পরবর্তী স্পিকার হতে চলেছেন দলিত সম্প্রদায়ের মীরা কুমার।
শনিবার কংগ্রেসের বৈঠকে তার মনোনয়ন চূড়ান্ত হয় বলে ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে।
আগামী ২ জুন পার্লামেন্টে স্পিকার নির্বাচন হবে। নির্বাচিত হলে বাঙালি স্পিকার সোমনাথ চট্টোপাধ্যায়ের স্থলাভিষিক্ত হবেন মীরা। তবে নিয়ম অনুযায়ী, নতুন স্পিকার নির্বাচিত না হওয়া পর্যন্ত অর্র্ন্তবতী স্পিকার হিসেবে কংগ্রেস নেতা মানিকরাও গোভিটকে শনিবার নিয়োগ দেন রাষ্ট্রপতি প্রতিভা পাতিল।
নির্বাচিত হলে কংগ্রেস এমপি মীরাই হবেন লোকসভার প্রথম নারী স্পিকার।
কংগ্রেস মুখপাত্র অভিষেক সাংভি সাংবাদিকদের বলেন, "এক জন দলিত নারীকে স্পিকার মনোনয়ন দিয়ে কংগ্রেস নতুন ইতিহাস গড়তে যাচ্ছে। এর আগে ভারতে প্রথম নারী এমপি হন কংগ্রেসেরই একজন। রাষ্ট্রপতি পদে প্রথম কোনো নারীকে নির্বাচিতও করে কংগ্রেস।"
পার্লামেন্টে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোটের সংখ্যাগরিষ্ঠতা থাকায় মীরার নির্বাচিত হওয়া এখন সময়ের ব্যাপার মাত্র বলে মনে করছেন ভারতের রাজনীতিকরা।
দলিতদের মধ্যে প্রথম স্পিকার হন জি এম সি বালাযোগী। বিজেপির এই নেতা ১৯৯৮ সালে লোকসভায় স্পিকার নির্বাচিত হন।
মীরা বিহারের একটি আসন থেকে এমপি নির্বাচিত হয়েছেন। মনমোহন সিংয়ের মন্ত্রিসভার সদস্য হিসেবেও এবার শপথ নিয়েছেন তিনি। স্পিকার নির্বাচিত হলে তাকে অবশ্য এক পদ ছাড়তে হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআই/১৩০০ ঘ.
bdnews24