লন্ডন, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- শ্রীলংকায় এলটিটিই গেরিলাদের পরাজিত করার অভিযানের শেষ দিনগুলোতে ২০ হাজারেরও বেশি বেসামরিক তামিল নিহত হয়েছে। 'দ্য টাইমস' পত্রিকা শুক্রবার এই প্রতিবেদন প্রকাশ করেছে।
শ্রীলংকা কর্তৃপক্ষ বলেছে, বেসামরিক নাগরিকদের জন্য ঘোষিত নিরাপদ এলাকা 'নো ফায়ার জোন' এ সেনাবাহিনী ২৭ এপ্রিলে ভারী অস্ত্র ব্যবহার করে। ওই এলাকায় প্রায় ১ লাখ তামিল বেসামরিক নাগরিক ছিল। ওই এলাকায় বেসামরিক তামিল হতাহতের ঘটনার জন্য শ্রীলংকা কর্তৃপক্ষ তামিল গেরিলাদের দায়ী করেছে।
গোপন জাতিসংঘ দলিলের উদ্ধৃতি দিয়ে দ্য টাইমস পত্রিকা জানায়, নো ফায়ার জোনে বেসামরিক তামিল নিহতের সংখ্যা এপ্রিলের শেষ দিক থেকে বেড়ে যায়। ১৯ মে পর্যন্ত প্রতিদিন প্রায় ১ হাজার করে তামিল নাগরিকের মৃত্যু ঘটে। ১৯ মে তে নিহত হয় লিবারেশন টাইগার্স অব তামিল ইলম (এলটিটিই) প্রধান ভেলুপিল্লাই প্রভাকরণ।
পত্রিকাটিতে বলা হয়েছে, বেসামরিক নাগরিক নিহতের চূড়ান্ত পরিসংখ্যান ২০ হাজারেরও বেশি হবে।
জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার নাভি পিল্লাই বলেছেন, এলটিটিই সংঘর্ষ চলাকালে শিশুদের দলে ভিড়িয়েছে এবং বেসামরিক নাগরিকদের মানবঢাল হিসাবে ব্যবহার করেছে। অন্যদিকে সেনাবাহিনীও বেপরোয়া গোলাবর্ষণ করেছে।
তবে শ্রীলংকা সরকার ও এলটিটিই উভয়পক্ষই এ অভিযোগ অস্বীকার করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৪৩০ ঘ.
bdnews24