রোম, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ১৮ বছরের একটি মেয়ের সঙ্গে প্রধানমন্ত্রী বারলুসকোনির সম্পর্ক নিয়ে ইতালি জুড়ে জল্পনা-কল্পনা এবং বিষয়টির ব্যাখ্যা দেওয়ার দাবির মুখে প্রধানমন্ত্রী বৃহস্পতিবার বলেছেন, মেয়েটির সঙ্গে তার কোনো যৌন সম্পর্ক নেই। এ দাবি মিথ্যা প্রমাণিত হলে তিনি পদত্যাগ করবেন।
নাওমি লেৎজিয়া নামের মেয়েটির সঙ্গে ৭২ বছর বয়সী রক্ষণশীল নেতা বারলুসকোনির সম্পর্ক নিয়ে দেশজুড়ে তুমুল কানাঘুষার মধ্যে স্ত্রী ভেরোনিকা তার বিরুদ্ধে 'নারীর পেছনে ছোটার' অভিযোগ তুলে বিচ্ছেদের আবেদন করায় বিষয়টি এখন বিষ্ফোরক রাজনৈতিক ইস্যুতে পরিণত হয়েছে। ভেরোনিকা স্বামী সম্পর্কে এটিও বলেছেন, 'তিনি ভাল নন'।
কেন তিনি নাওমির ১৮ তম জন্মদিনের অনুষ্ঠানে গিয়েছিলেন এবং তাকে দামি মালা উপহার দিয়েছেন তার যে ব্যাখ্যা দিয়েছেন বারলুসকোনি তা অনেকটা অসঙ্গতিপূর্ণ মনে হচ্ছে ইতালীয়দের কাছে। তবে বারলুসকোনি কোনো ধরনের অন্যায় বা মিথ্যা বলার বিষয়টি প্রত্যাখ্যান করেছেন।
রোমে তিনি সাংবাদিকদের বলেছেন, "কেউ যদি আমাকে জিজ্ঞেস করে থাকেন, কমবয়েসী মেয়েটির সঙ্গে আমার কোনো ধরনের উত্তেজক বা তার চেয়েও বেশি সম্পর্ক হয়েছে কীনা তবে তার জবাব হবে: অবশ্যই না।"
গত বছর তৃতীয় মেয়াদে প্রধামমন্ত্রী নির্বাচিত হওয়া বারলুসকোনি বলেন, "আমার সন্তানদের দিব্যি দিয়ে এ কথা বলছি, এটা যদি মিথ্যা প্রমাণিত হয় তবে পর মুহূর্তে আমি পদত্যাগ করব।"
ইতালিতে যৌন সম্পর্কের ক্ষেত্রে সম্মতি গ্রাহ্য হওয়ার বয়স ১৬। তবে ১৮ বছরের কম বয়সীদের 'ছোট' হিসেবেই বিবেচনা করা হয়ে থাকে। নাওমি গত মাসে ১৮ বছরের পা দিয়েছে এবং এই জন্মদিনে বারলুসকোনির সঙ্গে সে ছবি তুলেছে। ১৭ বছর বয়সেও কয়েকটি সামাজিক অনুষ্ঠানে তোলা ছবিতে প্রধানমন্ত্রীর সঙ্গে তাকে দেখা গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/২০১৪ ঘ.
bdnews24