২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পেশোয়ারে বোমা বিস্ফোরণে ৬ জন নিহত, আহত ৭০

পাকিস্তানের পেশোয়ারে ব্যস্ত বাজার এলাকায় বৃহস্পতিবার দুটো বোমা বিস্ফোরণে ৬ জন নিহত এবং প্রায় ৭০ জন আহত হয়েছে। ঘটনাস্থলে পৌঁছানো পুলিশের ওপর চোরাগোপ্তা হামলা চালিয়েছে বন্দুকধারীরা। প্রত্যক্ষদর্শী ও কর্মকর্তারা একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2009, 01:20 PM

Updated : 26 Aug 2022, 11:31 AM

পেশোয়ার, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পাকিস্তানের পেশোয়ারে ব্যস্ত বাজার এলাকায় বৃহস্পতিবার দুটো বোমা বিস্ফোরণে ৬ জন নিহত এবং প্রায় ৭০ জন আহত হয়েছে। ঘটনাস্থলে পৌঁছানো পুলিশের ওপর চোরাগোপ্তা হামলা চালিয়েছে বন্দুকধারীরা। প্রত্যক্ষদর্শী ও কর্মকর্তারা একথা জানিয়েছেন। তালেবানরা আগের দিন লাহোরে আত্মঘাতী গুলি ও বোমা হামলার দায় স্বীকারের কয়েকঘন্টা পরই পেশোয়ারে এ বোমা বিস্ফোরণ ঘটল। লাহোর হামলায় ২৪ জন নিহত এবং প্রায় ৩০০ জন আহত হয়। তালেবানরা এর দায় স্বীকার করে বলেছে, সোয়াতে পাকিস্তান সরকারের তালেবান বিরোধী অভিযানের প্রতিশোধ হিসাবেই লাহোরে হামলা চালানো হয়েছে। তারা আরও সহিংসতার হুমকিও দিয়েছে। এর কয়েক ঘন্টার মধ্যেই বৃহস্পতিবার পেশোয়ারের পুরোনো শহরের জনাকীর্ণ একটি বাজার এলাকায় দু'টো বোমা বিস্ফোরণে বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। এতে ছয়জন নিহত এবং প্রায় ৭০ জন আহত হওয়ার কথা রয়টার্সকে জানিয়েছেন প্রাদেশিক সরকারের মন্ত্রী বশির আহমেদ। বিস্ফোরণের পরপরই ওই এলাকার সংকীর্ণ রাস্তায় পুলিশের ওপর গুলি চালায় বন্দুকধারীরা। রাস্তার ধারের ভবনগুলোতে প্রায় ৫ জন বন্দুকধারী অবস্থান নিয়ে এ হামলা চালায়। পুলিশের সঙ্গে বন্দুকধারীদের গুলিবিনিময় চলছে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। টেলিভিশনেও এই গুলিবিনিময়ের দৃশ্য দেখা গেছে। এর আগে এহদি উদ্ধার কেন্দ্রের কর্মকর্তা জুলফিকার আহমেদ রয়টার্সকে ৫ টি মৃতদেহ হাসপাতালে নেওয়া হয়েছে এবং আহত প্রায় ৩০ জনকে হাসপাতালের জরুরি বিভাগে রাখা হয়েছে বলে জানিয়েছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮৩৮ ঘ.