বেভারলি হিলস্, ক্যালিফোর্নিয়া, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - কয়েক দশকের মধ্যে ভয়াবহতম অর্থনৈতিক সঙ্কট কাটিয়ে উঠে স্থিতিশীল হওয়ার লক্ষণ দেখা যাচ্ছে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে। প্রেসিডেন্ট বারাক ওবামা বুধবার একথা বলেছেন।
ওবামা বলেন, "আমার মনে হয় এ মুহূর্তে অর্থনীতির দিকে তাকালে এটা বলা নিরাপদ যে আমরা পতনের দিক থেকে ফিরে এসেছি এবং এখন এমন একটা স্থিতি বিরাজ করছে যা আগে ছিল না।"
বেভারলি হিলস্-এ ডেমোক্র্যাটিক দলের জাতীয় কার্যনির্বাহী পরিষদ 'ডিএনসি' নামে পরিচিত ডেমোক্র্যাটিক ন্যাশনাল কমিটি'র জন্য তহবিল সংগ্রহ অভিযানে প্রেসিডেন্ট ওবামা একথা বলেন।
এই আর্থিক সঙ্কট কাটিয়ে ওঠার সাফল্যের সিংহভাগ কৃতিত্ব দাবি করে ওবামা বলেন, তার নবীন প্রশাসন ১৯৩০ এর মন্দার সময়ে ফ্রাঙ্কলিন ডিলানো রুজভেল্টের প্রশাসন যে ভুমিকা নিয়েছিল তেমনিভাবে যতোটা সম্ভব চেষ্টা করেছে সঙ্কট কাটিয়ে উঠতে।
স্টিভেন স্পিলবার্গ এর মতো খ্যাতনামা হলিউড তারকাদের উপস্থিতিতে দ্বিতীয় দফায় আরেকটি ছোট বক্তৃতা করেন ওবামা। দ্বিতীয় সভায় আগত বিশিষ্ট অতিথিরা ডিএনসির তহবিল গঠনের জন্য ১,০০০ থেকে ২,৫০০ ডলারের টিকেট কেটে ওই সভায় যোগ দেন।
ওবামার বক্তব্য ছাড়াও ওই অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করে জেনিফার হাডসন এবং ব্যান্ড দল আর্থ, উইন্ড এন্ড ফায়ার।
ওবামার এ দুটি বক্তৃতা থেকে ৩০ থেকে ৪০ লাখ ডলার তহবিল পেতে পারে ডিএনসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এমএইচবি/১৭১৭ ঘ.
bdnews24