২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মার্কিন হামলায় ৯৭ নাগরিক নিহত হয়েছে: আফগান মানবাধিকার কমিশন

আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে এ মাসের শুরুর দিকে মার্কিন বাহিনীর বিমান হামলায় ৯৭ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। অথচ তালেবান যোদ্ধা নিহত হয়েছে মাত্র ২ জন। আফগানিস্তানের 'ইন্ডিপেনডেন্ট হিউম্যান রাইটস কমিশন' মঙ্গলবার একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2009, 03:12 PM

Updated : 26 Aug 2022, 11:31 AM

কাবুল, মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে এ মাসের শুরুর দিকে মার্কিন বাহিনীর বিমান হামলায় ৯৭ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। অথচ তালেবান যোদ্ধা নিহত হয়েছে মাত্র ২ জন। আফগানিস্তানের 'ইন্ডিপেনডেন্ট হিউম্যান রাইটস কমিশন' মঙ্গলবার একথা জানিয়েছে। মার্কিন বাহিনী এবং আফগানিস্তান সরকারের সঙ্গে এই মানবাধিকার কমিশনের সংশ্লিষ্টতা নেই। এই কমিশনের কমিশনার নাদের নাদেরি কাবুলে এক সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, "ফারাহ প্রদেশে প্রাথমিক তদন্তে দেখা গেছে, ৯৭ জন নিহত হয়েছে। এর মধ্যে ৬৫ জন শিশু এবং ২১ জন নারী।" তদন্তকারীরা হামলা শিকার হওয়া কারও কাছে অস্ত্র থাকার বা মানব ঢাল হিসাবে ব্যবহৃত হওয়ার আলামত পাননি বলে জানান নাদেরি। তবে তিনি বলেন, প্রাদেশিক কর্মকর্তারা নিহতদের মধ্যে দুইজন তালেবান যোদ্ধা বলে তাদেরকে জানিয়েছেন। আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাইসহ আফগান কর্মকর্তারা মার্কিন বাহিনীর হামলায় বেসামরিক নাগরিক নিহতের সংখ্যা ১৪০ বলে দাবি করেছেন। ফারাহ প্রদেশের দুটো গ্রামের বাড়িঘরে হামলা হয়েছে এবং সেগুলোর বাসিন্দারা বেশির ভাগই নারী ও শিশু বলেও উল্লেখ করেছেন তারা। মার্কিন বাহিনী ৩ মে'র বিমান হামলায় নিহত ৮০ থেকে ৯৫ জনের বেশির ভাগই তালেবান যোদ্ধা বললেও ২০ থেকে ৩৫ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে স্বীকার করেছে। তারা বলেছে, তালেবানরা গ্রামবাসীদেরকে মানব ঢাল হিসাবে ব্যবহার করছে। মার্কিন বাহিনীর হামলায় বেসমরিক নাগরিক হতাহতের ঘটনা নিয়ে যুক্তরাষ্ট্র ও আফগানিস্তানের সম্পর্কে ইতোমধ্যেই উত্তেজনা দেখা দিয়েছে। তাছাড়া, ফারাহ প্রদেশে বেসামরিক নাগরিক নিহতের ঘটনা নিয়ে যুক্তরাষ্ট্র-আফগানিস্তান বিরোধে জনরোষও বাড়ছে। নাদেরি মার্কিন বাহিনীর বিমান হামলায় নিহতদের পরিবারগুলোকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রকে আহ্বান জানিয়েছেন। বেসামরিক নাগরিক হতাহতের ঘটনা আফগানিস্তানে নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্রের জন্য সহায়ক হবে না বলেও তিনি মন্তব্য করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২০৫৭ ঘ.