ইয়াঙ্গুন, মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) ---- মিয়ানমার কর্তৃপক্ষ বিরোধীদলীয় নেত্রী অং সান সু চির গৃহবন্দিত্ব তুলে নিয়েছে। কিন্তু বিচার চলার কারণে সু চি আটক রয়েছেন। সু চির অইনজীবী মঙ্গলবার একথা জানিয়েছেন।
সু চি'র ছয়বছরের গৃহবন্দিত্বের মেয়াদ বুধবার শেষ হওয়ার কথা। এরই মধ্যে এ মাসের প্রথমদিকে তার বাড়িতে জন ইয়েত্তাও নামের এক আমেরিকান নাগরিকের অনুপ্রবেশের ঘটনায় গৃহবন্দিত্বকালীন আইন লঙ্ঘনের অভিযোগে সু চির বিচার শুরু করেছে জান্তা সরকার।
মঙ্গলবার আদালতে সু চির এক আইনজীবী নিয়ান উইন সাংবাদিকদের বলেন, "গৃহবন্দিত্ব তুলে নেওয়া হয়েছে। কিন্তু তিনি এখনও আটক রয়েছেন। এতে হাসব না কাঁদব জানি না।"
তিনি বলেন, "পুলিশ ব্রিগেডিয়ার জেনারেল মাইন্ত থিয়েন ইয়াঙ্গুনের ইনসেইন কারাগারে সু চির কক্ষে তাকে গৃহবন্দিত্ব তুলে নেওয়ার আদেশ পড়ে শোনান।"
স ুচি ১৯ বছরের মধ্যে ১৩ বছরই কোনও না কোনওভাবে বন্দিদশায় কাটিয়েছেন। বিচারে তিনি দোষী সাব্যস্ত হবেন এবং তার ৫ বছরের জেল হবে বলে ব্যাপকভাবে ধারণা করা হচ্ছে।
১৯৯০ সালের সাধারণ নির্বাচনে সু চি'র দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্র্যাসি (এনএলডি) বিপুল বিজয় পেলেও তাকে সরকার গঠন করতে দেয়নি দেশটির সামরিক নেতারা। এরপর থেকে মিয়ানামরে লাগাতার সেনা শাসন চালিয়ে যাচ্ছে সামরিক জান্তা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭৪৩.
bdnews24