২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইসরায়েলের বসতি স্থাপন বন্ধে জোর দেবেন আব্বাস

আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে বৈঠকে অধিকৃত এলাকায় ইসরায়েলের বসতি স্থাপন বন্ধের বিষয়ে জোর দেবেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। সোমবার কানাডা সফরকালে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2009, 08:35 AM

Updated : 26 Aug 2022, 11:31 AM

অটাওয়া, মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে বৈঠকে অধিকৃত এলাকায় ইসরায়েলের বসতি স্থাপন বন্ধের বিষয়ে জোর দেবেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। সোমবার কানাডা সফরকালে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রোববার পশ্চিম তীরে বসতি স্থাপন পুরোপুরি বন্ধে যুক্তরাষ্ট্রের আহ্বান নাকচ করে দিয়েছেন এবং বলেছেন, জেরুজালেমে ইহুদি ছিটমহল নির্মাণের বিষয়ে কোনো সীমারেখা মেনে নেবে না তার সরকার। প্রেসিডেন্ট আব্বাস বলেন, "আমরা মিঃ নেতানিয়াহুর অবস্থান সম্পর্কে জানি এবং এ বিষয়টি নিয়ে আমি গণমাধ্যমে নিজেকে জড়াতে চাচ্ছি না। এটা অন্যতম প্রধান ইস্যু এবং আমি বিষয়টিকে ওয়াশিংটনে নিয়ে যাবো।" আগামী বৃহস্পতিবার ওয়াশিংটনে প্রেসিডেন্ট ওবামার সঙ্গে সাক্ষাৎ করবেন আব্বাস। ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়টি ইসরায়েল নিজে অঙ্গীকার না করা পর্যন্ত এবং বসতি স্থাপন বন্ধ না করা পর্যন্ত দীর্ঘদিন স্থবির হয়ে থাকা শান্তি আলোচনা পুনরায় শুরুর কথা নাকচ করে দিয়েছেন আব্বাস। কানাডার পররাষ্ট্রমন্ত্রী লরেন্স ক্যানন এর সঙ্গে বৈঠকের পর আব্বাস বলেন, "আমি সত্যিই বিশ্বাস করি যে, আমাদের অগ্রসর হওয়ার এবং এই অঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার ভাল সুযোগ আছে।" তিনি বলেন, "শান্তি চুক্তির ভিত্তি হিসেবে সাধারণ বিষয়টি হল ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ১৯৬৭ সালে শুরু হওয়া ইসরায়েলি দখলদারিত্ব থেকে তাকে বের হয়ে আসতে হবে। তাহলেই ফিলিস্তিন রাষ্ট্র ইসরায়েল রাষ্ট্রের পাশাপাশি শান্তি ও নিরাপত্তায় বসাবস করতে পারবে।" পশ্চিম তীর ও 'আরব পূর্ব জেরুজালেমে' স্থাপিত বসতি ও অন্যান্য আবাসন প্রকল্পগুলোতে প্রায় পাঁচ লাখ ইহুদি বসবাস করে। এসব ভূমির সবই ১৯৬৭ সালের আরব-ইসরায়েল যুদ্ধে দখল করে নিয়েছিল ইসরায়েল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/১৪৪১ ঘ.