২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্লু আরও মারাত্মক হয়ে উঠতে পারে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

এইচ১এন১ সোয়াইন ফ্লু আরও মারাত্মক হয়ে উঠতে পারে এবং বহু মানুষ এতে মারা যেতে পারে। বিশ্বকে এখন সেজন্য প্রস্তুতি নিতে হবে। বিশ্বব্যাপী এ ভাইরাস সংক্রমণের অবনতিশীল পরিস্থিতির বিষয়ে সতর্ক করে দিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান ডা. মার্গারেট চ্যান শুক্রবার একথা বলেছেন। (আরও তথ্যসহ ১)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2009, 05:46 AM

Updated : 26 Aug 2022, 11:30 AM

জেনেভা, মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - এইচ১এন১ সোয়াইন ফ্লু আরও মারাত্মক হয়ে উঠতে পারে এবং বহু মানুষ এতে মারা যেতে পারে। বিশ্বকে এখন সেজন্য প্রস্তুতি নিতে হবে। বিশ্বব্যাপী এ ভাইরাস সংক্রমণের অবনতিশীল পরিস্থিতির বিষয়ে সতর্ক করে দিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান ডা. মার্গারেট চ্যান শুক্রবার একথা বলেছেন। নতুন এ ভাইরাসের জিনগত বিশ্লেষণ করে দেখা গেছে শুকর কিংবা সম্ভবত অন্য প্রাণীদের শরীরে এর বিস্তার অবশ্যই কিছু সময় পর্যন্ত অচিহ্নিত অবস্থায় ঘটেছিল। এযাবৎ বিশ্বের ৪২টি দেশে প্রায় ১১,০০০ মানুষের মধ্যে এ ভাইরাস সংক্রমিত হয়েছে এবং এতে আক্রান্ত ৮৬ জন মারা গেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ ভাইরাসের বিস্তারকে পুরোমাত্রার মহামারী ঘোষণা করার কথা চিন্তা করছে। সংস্থাটি ইতিমধ্যেই এ রোগে মহামারীর আশঙ্কায় ৫ মাত্রার সতর্কতা সঙ্কেত জারি করেছে। পুরোপুরি মহামারী হলে তা বাড়িয়ে সর্বোচ্চ মাত্রা ৬ এ উন্নীত করা হবে। জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার বার্ষিক কংগ্রেসে ডা. চ্যান বলেন, দক্ষিণ গোলার্ধে এ ভাইরাসটিকে অবশ্যই কঠোর পর্যবেক্ষণে রাখতে হবে। কেননা তা সাধারণ মৌসুমী ইনফ্লুয়েঞ্জার সঙ্গে মিশে গিয়ে অভাবনীয় রকমে পরিবর্তিত হয়ে যেতে পারে। তিনি বলেন, "যেখানে এইচ১এন১ ভাইরাস বিস্তার ব্যাপক এবং সাধারণ মানুষের মধ্যে তা বাড়ছে সেসব দেশে আরও মারাত্মক সংক্রমণ ও ভয়াবহ আক্রান্তের সংখ্যা বাড়তে পারে।" তিনি আরও বলেন, "এটা একটা সুপ্ত ও লুকিয়ে থাকা ভাইরাস।" নতুন এ ভাইরাসে এখন পর্যন্ত প্রাপ্ত আট ধরনের জিনের সবগুলো বিশ্লেষণকারী আন্তর্জাতিক একটি গবেষক দল নিশ্চিত করেছে যে, এ ভাইরাস তার পূর্বসূরিদের চেয়ে এতোটাই ভিন্ন যে তা বহু বছর পর্যন্ত অচিহ্নিত অবস্থাতেই বিস্তার লাভ করতে পারে। তারা আরও নিশ্চিত হয়েছেন, দুটো ভাইরাসের হাইব্রিড মিশ্রণের ফলে এ ভাইরাসের উৎপত্তি হয়েছে। একটা তথাকথিত শুকর-পাখি-মানুষের সংমিশ্রণের ত্রয়ী এবং অন্যটা এশিয়া ও ইউরোপের শুকরের ভাইরাসের একটি গ্র"প। যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের ইনফ্লুয়েঞ্জা বিভাগের প্রধান ডা. ন্যান্সি কক্স বলেছেন, "এই গবেষণার ফলাফল বিশ্বব্যাপী শুকরের ইনফ্লুয়েঞ্জা নিয়ে আরও বেশি নিয়মতান্ত্রিক পর্যবেক্ষণের প্রয়োজনীয়তা তুলে ধরেছে।" গবেষকরা বলছেন, এমনও হতে পারে যে, শুকরের মধ্যে অন্যান্য ভাইরাসের আরও মিশ্রণ ঘটছে কিন্তু এখনও অচিহ্নিত অবস্থায় রয়ে যাওয়ার কারণে আমরা তা জানতে পারিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এমএইচবি/১৬৪৭ ঘ.