২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিজেকে নির্দোষ দাবি করলেন সু চি

বাড়িতে মার্কিন নাগরিক অনুপ্রবেশের ঘটনায় নিজেকে নির্দোষ দাবি করেছেন মিয়ানমারের গণতান্ত্রিক আন্দোলনের নেত্রী অং সান সু চি। একই সঙ্গে নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হওয়ায় তিনি সামরিক জান্তার সমালোচনা করেছেন। বৃহস্পতিবার তার আইনজীবী একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2009, 06:27 PM

Updated : 26 Aug 2022, 11:30 AM

ইয়াঙ্গুন, মে ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বাড়িতে মার্কিন নাগরিক অনুপ্রবেশের ঘটনায় নিজেকে নির্দোষ দাবি করেছেন মিয়ানমারের গণতান্ত্রিক আন্দোলনের নেত্রী অং সান সু চি। একই সঙ্গে নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হওয়ায় তিনি সামরিক জান্তার সমালোচনা করেছেন। বৃহস্পতিবার তার আইনজীবী একথা জানিয়েছেন। সু চি'র আইনজীবী নায়ান উইন জানান, বিচারক ইউ থুয়াং নাউয়ুন্ট তার মক্কেলের কাছে জানতে চান, 'আপনি কী দোষী?'। জবাবে সু চি বলেন, 'না, কারণ আমি কোনো অপরাধ করিনি'। এর আগে সরকার জানায়, সু চি'র বাড়িতে অনুপ্রবেশকারী যুক্তরাষ্ট্রের নাগরিক ষড়যন্ত্রে লিপ্ত থাকতে পারে। পররাষ্ট্রমন্ত্রী নে উইন বলেন, যুক্তরাষ্ট্র, জাপান এবং ইউরোপীয় কয়েকটি দেশ মিয়ানমার বিষয়ক তাদের নীতি পুনপর্যালোচনার আগে জান্তা সরকারের ওপর আন্তর্জাতিক চাপ বাড়ানোর উদ্দেশ্যে এই ষড়যন্ত্র করা হয়ে থাকতে পারে। তিনি এ ঘটনার জন্য দেশের ভেতরে-বাইরের সরকারবিরোধী চক্রকে দায়ী করে বলেন, তারা চায় না যে, ওই দেশগুলোর মিয়ানমার নীতির ইতিবাচক পরিবর্তন হোক। সু চির বিচারের ঘটনায় মিয়ানমার নীতি পুনপর্যালোচনার সময়টিতেই নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ওদিকে, ইইউ'ও মিয়ানমারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছে। বিচারের ঘটনার কেন্দ্রবিন্দুতে থাকা আমেরিকান নাগরিক বলেছেন, সু চি বিপদে আছে 'মনেকরেই' সাঁতরে লেক পার হয়ে তার বাড়িতে ঢুকেছিলেন তিনি। সু চি'র আইনজীবী বৃহস্পতিবার একথা বলেছেন। তার ওই 'কাণ্ডের' পর সু চির বিরুদ্ধে গৃহবন্দি থাকার শর্ত ভঙ্গের মামলা করা হয়। সমালোচকরা জান্তা সরকারের এ পদক্ষেপকে ২০১০ সালের নির্বাচনের পর পর্যন্ত সু চিকে আটক রাখার ষড়যন্ত্র বলে নিন্দা করেছেন। বিচারে দোষী সাব্যস্ত হলে শান্তিতে নোবেল বিজয়ী এই নেত্রীর পাঁচ বছরের কারাদণ্ড হতে পারে। মিয়ানমারের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, ৫৩ বছর বয়সী ওই মার্কিনিকে গ্রেপ্তারের পর মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে তাকে বৈঠকের সুযোগ দেওয়া হয়। কিন্তু তিনি তার উদ্দেশ্য সম্পর্কে রাষ্ট্রদূতকে কিছুই বলেননি। সু চির আইনজীবী বলেছেন, সু চি ওই ব্যক্তিকে আমন্ত্রণ জানাননি এবং তার কোনো কাজের জন্যও সু চি দায়ী হতে পারেন না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/এফএইচবি/২১৫৫ ঘ.