নয়াদিল্লি, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টর্স)- ভারতে মন্ত্রিসভায় নিয়োগ নিয়ে আলোচনার মধ্যে ক্ষমতাসীন কংগ্রেস জোট ছেড়ে অন্যতম শরিক দল ডিএমকে বেরিয়ে যাচেছ। ডিএমকের এক এক নেতা বৃহস্পতিবার একথা জানিয়েছেন।
তামিলনাড়ুর আঞ্চলিক দল ডিএমকে জানিয়েছে, সরকারে না গিয়ে তারা বাইরে থেকে কংগ্রেস জোটকে সমর্থন দেবে।
দলের শীর্ষ নেতা টি আর বালু বলেন, "ডিএমকে বাইরে থেকে সরকারকে সমর্থন দেবে- এটা আপনাদের জানানোর জন্য করুণানিধি আমাকে বলেছেন।" করুণানিধি ডিএমকে দলের নেতা।
ডিএমকে সমর্থন না দিলেও পার্লামেন্টে কংগ্রেস জোটের সংখ্যাগরিষ্ঠতার ঘাটতি হবে না। তবে এত বড় নির্বাচনী জয়ের পর এটা জোটের জন্য অবশ্যই একটা ধাক্কা।
শুক্রবার শপথ নেবে মনমোহন সিংয়ের নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভা। মন্ত্রিসভায় কাকে কোন পদ দেওয়া হবে তা নিয়ে এখন চূড়ান্ত পর্যায়ের আলোচনা চলছে দল ও জোটের মধ্যে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এমএইচবি/২১৩১ ঘ.
bdnews24