টোকিও, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জাপানের পশ্চিমাঞ্চলে এইচ১এন১ ফ্লুতে আক্রান্তের সংখ্যা বেড়ে ২০৭ জন হয়েছে বলে বুধবার জানিয়েছে দেশটি। আক্রান্তদের বেশিরভাগই কিশোর বয়সের এবং ফ্লু'র বিস্তার ঠেকাতে সেখানকার কয়েক হাজার স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে।
তবে, এখন পর্যন্ত দেশটির পূর্বাঞ্চলে, রাজধানী টোকিও বা আশপাশের অঞ্চলে এ ফ্লু সংক্রমণের কোনো খবর পাওয়া যায়নি। অবশ্য টোকিওর কাছে নারিতা বিমানবন্দরে বিদেশ থেকে আসা চার যাত্রীর এ ভাইরাস সংক্রমণের বিষয়ে নিশ্চিত হওয়া গিয়েছিল।
জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, আক্রান্তদের কারও অবস্থাই গুরুতর নয়।
সোয়াইন ফ্লু নামে পরিচিতি লাভ করা এ ভাইরাসে বিশ্বজুড়ে এ পর্যন্ত ৮১ জনের মৃত্যুর বিষয়ে নিশ্চিত হওয়া গেছে এবং প্রায় ১০,০০০ মানুষ এতে আক্রান্ত হয়েছে।
ভাইরাসের বিস্তার ঠেকাতে জাপানের পশ্চিমাঞ্চলে প্রায় ৪,৫০০ স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে আগামী রোববার পর্যন্ত। এসব স্কুলের বেশিরভাগই ওসাকা এবং হোইয়োগো প্রিফ্যাকচার এলাকার।
এক ছাত্রের শরীরে এ ভাইরাস পাওয়া যাওয়ার পর শিগা এলাকায় অবস্থিত একটি বিশ্ববিদ্যালয়ও বন্ধ ঘোষণা করা হয়। বিশ্ববিদ্যালয়টির ছাত্র সংখ্যা প্রায় ১৮,০০০।
কিয়োডো বার্তা সংস্থা জানায় কোবে নগরীতে একটি হাসপাতালের বেশ কিছু সংখ্যক কর্মী ফ্লুতে আক্রান্ত হওয়ার পর হাসপাতালটিতে ফ্লু রোগীদের আগমন নিষিদ্ধ করতে হয়েছে।
জাপানের স্বাস্থ্যমন্ত্রী ইয়োইচি মাসুজোয়ি মঙ্গলবার বলেছেন, আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে কঠোর স্বাস্থ্যবিধি আরোপের বিষয়ে চিন্তা করছে সরকার। শিগগিরই এ বিষয়ে সিদ্ধান্ত হবে।
সোয়াইন ফ্লুর সবচেয়ে ভয়াবহ প্রকোপ হয়েছে মেক্সিকো ও যুক্তরাষ্ট্রে। প্রায় ৪০টি দেশে এ ভাইরাস ছড়িয়ে পড়ায় বিশ্বজুড়ে মহামারীর আশঙ্কায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা ৫ মাত্রার মহামারী সতর্কতা জারি করে। এটি সতর্কতা মাত্রার দ্বিতীয় সর্বোচ্চ ধাপ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এমএইচবি/১৭১৪ ঘ.
bdnews24