২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সু চির বিচার, মিয়ানমারে নিষেধাজ্ঞা বাড়াল ইইউ

গৃহবন্দি থাকার শর্ত ভঙ্গের মামলায় মিয়ানমারের বিরোধী দলীয় নেত্রী অং সান সু চির বিচার করায় মিয়ানমারে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। একইসঙ্গে ইইউ নতুন করে মিয়ানমারে রাজবন্দিদের মুক্তির আহ্বান জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2009, 01:32 PM

Updated : 26 Aug 2022, 11:28 AM

ইয়াঙ্গুন, মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স/বিবিসি)--গৃহবন্দি থাকার শর্ত ভঙ্গের মামলায় মিয়ানমারের বিরোধী দলীয় নেত্রী অং সান সু চির বিচার করায় মিয়ানমারে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। একইসঙ্গে ইইউ নতুন করে মিয়ানমারে রাজবন্দিদের মুক্তির আহ্বান জানিয়েছে। ২০০৬ সাল থেকে মিয়ানমারে বহাল থাকা নিষেধাজ্ঞা আরও এক বছর বাড়িয়েছে ইইউ। তবে মিয়ানমার সরকার গণতান্ত্রিক অগ্রযাত্রার লক্ষণ দেখালে এই নিষেধাজ্ঞা পুনবির্বেচনা করে দেখার প্রস্তাব দিয়েছেন ইইউ পররাষ্ট্রমন্ত্রীরা। লুক্সেমবার্গে এক বৈঠকে মন্ত্রীরা এ প্রস্তাব দেন। মিয়ানমারে আরোপিত নিষেধাজ্ঞার আওতায় শীর্ষ কর্মকর্তাদের ভ্রমণ নিষিদ্ধ রয়েছে। রয়েছে অস্ত্র নিষেধাজ্ঞা। তাছাড়া ইউরোপে মিয়ানমারের সম্পদও বাজেয়াপ্ত করা হয়েছে। ২০০৭ সালে মিয়ানমার সরকারের বৌদ্ধ ভিক্ষুদের বিক্ষোভ দমনাভিযানের পর নিষেধাজ্ঞা কঠোর করা হয়েছিল। এ সময় কাঠ, ধাতব জিনিস এবং দামী পাথর রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। লুক্সেমবার্গ বৈঠকের পর প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, "ইইউ এর ২৭ টি সদস্যরাষ্ট্র কড়া পদক্ষেপগুলোসহ বর্তমান ইইউ নিষেধাজ্ঞা আরেক বছর বাড়ানো প্রয়োজন মনে করছে।" বিবৃতিতে মিয়ানমারে সু চিসহ ২ হাজারেরও বেশি রাজবন্দির অবিলম্বে মুক্তির দাবি পুনর্ব্যক্ত করা হয়েছে। সোমবার মিয়ারমার জান্তা সু চিকে বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়েছে। দোষী প্রমাণিত হলে ৩ থেকে ৫ বছরের কারাদণ্ড হতে পারে তার। সোমবার ইনসিয়েন কারাগারে সু চির মামলার শুনানি হয়। আগামী ২৭ মে সর্বশেষ মেয়াদে সু চি'র ৬ বছরের গৃহবন্দি আদেশের মেয়াদ পেরিয়ে যাওয়ার ঠিক আগে জান্তা সরকারের এ বিচার প্রক্রিয়ায় উত্তপ্ত হয়ে উঠছে দেশটির রাজনৈতিক অঙ্গন। মিয়ানমারের ছাত্র আন্দোলনের সাবেক নেতারা এবং ২০০৭ সালের গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৌদ্ধ ভিক্ষুরা সূ চি'র মুক্তির জন্য আন্দোলনের ডাক দিয়েছে। এক যুক্ত বিবৃতিতে তারা জানিয়েছে, "সর্বশক্তি দিয়ে জান্তার এই সর্বশেষ বর্বরতার বিরোধিতা করবে এবং অং সান সু চি'র মুক্তি না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে তারা।" সু চি'র বিচার উপলক্ষ্যে নজিরবিহীন নিরাপত্তা জোরদার করা হয় রাজধানী ইয়ঙ্গুনসহ ইনসিয়েন কারাগার ও এর আশপাশের এলাকায়। জন ইয়েত্তাও নামের এক আমেরিকান নাগরিক ইয়াঙ্গুনে সূ চি'র বাড়ির সামনের লেক পার হয়ে গোপনে সেখানে প্রবেশ করার ঘটনায় সু চি এবং তার দুই নারী সহচরীর বিরুদ্ধে এ মামলা দায়ের করে মিয়ানমার জান্তা। গত বৃহস্পতিবার মামলাটি করা হয়। ৬৩ বছর বয়সী সু চি'র আইনজীবী জানিয়েছেন, নিু রক্তচাপ ও পানিশূন্যতায় ভোগার পর তার স্বাস্থ্য এখন "যথেষ্ট ভাল"। ওদিকে, এ মামলাকে সু চি-কে আটকে রাখার নতুন ষড়যন্ত্র উল্লেখ করে এর তীব্র নিন্দা জানিয়েছে এবং অবিলম্বে তাকে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে মিয়ানমারের নির্বাসিত রাজনৈতিক গ্র"পগুলো এবং বিভিন্ন পশ্চিমা মানবাধিকার সংগঠন। ১৯৯০ সালের সাধারণ নির্বাচনে সু চি'র দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্র্যাসি (এনএলডি) বিপুল বিজয় পেলেও তাকে সরকার গঠন করতে দেয়নি দেশটির সামরিক নেতারা। এরপর থেকে মিয়ানামরে আবারও লাগাতার সেনা শাসন চালিয়ে যাচ্ছে সামরিক জান্তা। গত ১৯ বছরের মধ্যে প্রায় ১৩ বছরই গৃহবন্দি অবস্থায় কিংবা কারাগারে কাটিয়েছেন নোবেল শান্তি পুরস্কারে ভূষিত সু চি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৯৪১ ঘ.