কলম্বো, মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স/বিবিসি)-- লিবারেশন টাইগার্স অব তামিল ইলম (এলটিইি) এর প্রতিষ্ঠাতা ও প্রধান ভেলুপিল্লাই প্রভাকরণকে হত্যা করে সোমবার ২৫ বছরেরও বেশি সময় ধরে চলতে থাকা গৃহযুদ্ধে জয়ী হয়েছে শ্রীলংকার সেনারা। ১৯৮৩ সালে বিচ্ছিন্নতাবাদীদের এ সশস্ত্র সংঘাত শুরু হওয়ার পর এদিন প্রথমবারের মতো পুরো দ্বীপদেশটির ওপর সরকারের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হয়েছে। সেনাবাহিনী একথা জানিয়েছে।
শ্রীলংকার প্রেসিডেন্ট মহিন্দা রাজাপাকসে মঙ্গলবার পার্লামেন্টে গৃহযুদ্ধ জয়ের আনুষ্ঠানিক ঘোষণা দেবেন।
দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, নাটকীয় চূড়ান্ত লড়াইয়ে সোমবার ভোরের দিকে একটি অ্যাম্বুলেন্সে করে পালিয়ে যাওয়ার সময় প্রভাকরণকে হত্যা করেছে শ্রীলংকার সেনাবাহিনীর বিশেষ কমান্ডো সেনারা।
প্রতিবেদনে বলা হয়, এলটিটিই'র গোয়েন্দা প্রধান পোত্তু আম্মান এবং নৌ-শাখা 'সী টাইগার' এর প্রধান সোসাইও এ লড়াইয়ে মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।
আত্মঘাতী হামলার কৌশল অবলম্বনকারী এলটিটিইকে গড়ে তোলার নায়ক ৫৪ বছর বয়সী এই র্দুর্ধষ গেরিলা নেতা অঙ্গীকার করেছিলেন, তিনি কখনোই জীবিত অবস্থায় ধরা পড়বেন না।
নাম প্রকাশ না করার শর্তে সেনাবাহিনীর একটি সূত্র রয়টার্সকে জানায়, "এটা নিশ্চিত যে ভোরের আগে আগে একটি অ্যাম্বুলেন্সে করে পালিয়ে যাওয়ার সময় প্রভাকরণকে হত্যা করা হয়েছে। আমরা প্রেসিডেন্টের আনুষ্ঠানিক ঘোষণার জন্য অপেক্ষা করছি।"
শ্রীলংকার সেনাপ্রধান লেফট্যানেন্ট জেনারেল সারাথ ফনসেকা বলেছেন, প্রেসিডেন্ট রাজাপাকসে তিন বছর আগে যে দায়িত্ব দিয়েছিলেন সোমবার সকালে তা পুরোপুরি সম্পন্ন করেছে সেনারা।
রাষ্ট্রীয় টিভিতে তিনি ঘোষণা করেন, "সন্ত্রাসীদের কাছ থেকে উত্তরাঞ্চলকে পুরোপুরি মুক্ত করে পুরো দেশকে মুক্ত করেছি আমরা। এলটিটিই অধিকৃত এলাকার পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছি আমরা।"
২৫ বছরেররও বেশি সময় ধরে চলা এশিয়ার দীর্ঘতম আধুনিক এ যুদ্ধে রোববার পরাজয় স্বীকার করে নেয় এলটিটিই।
অবশ্য এর একদিন আগেই সেনারা পুরো উপকূলীয় এলাকার নিয়ন্ত্রণ নিয়ে নেওয়ার পর এলটিটিই-কে সামরিকভাবে পরাস্ত ঘোষণা করেন রাজাপাকসে।
উত্তর উপকূলের মাত্র ৩০০ বর্গ মিটারের একটি বালুকাময় জঙ্গল এলাকায় এ রক্তাক্ত সংঘাতের অন্তিম লড়াই চলে। সেখানে চারদিকে স্থলমাইন ও ফাঁদ পেতে রেখে বাঙ্কারের ভেতর থেকে লড়াইয়ের চেষ্টা চালিয়ে যাচ্ছিল এলটিটিই'র অবশিষ্ট গেরিলারা।
শ্রীলংকার জাতীয় নিরাপত্তা তথ্যকেন্দ্র থেকে জানানো হয়েছে, যুদ্ধাঞ্চলে আটকাপড়া ৭২,০০০ বেসামরিক লোকের অবশিষ্টদের উদ্ধারের পর শনিবার চূড়ান্ত অভিযান শুরু করে সেনারা। শেষ লড়াইয়ের পর সেখান থেকে ২৫০ জন টাইগার গেরিলার মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
এর আগে সোমবার সকালে সেনাবাহিনী জানায়, এলটিটিইর চার শীর্ষ নেতা যুদ্ধে নিহত হয়েছেন এবং তাদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে এলটিটিই প্রধানের ছেলের মৃতদেহও রয়েছে।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র কেহেলিয়া রামবুকওয়ালা বলেছেন, একটি মৃতদেহ পাওয়া গেছে যা প্রভাকরণের ছেলে চার্লস এন্টনির বলে ধারণা করা হচ্ছে।
তিনি জানান উদ্ধার করা অপর তিনটি মৃতদেহের একটি এলটিটিই'র রাজনৈতিক শাখার প্রধান বলসিঙ্গম নাদেসানের, একটি তাদের শান্তি সচিবালয়ের প্রধান শিবরত
bdnews24