কলম্বো, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - শ্রীলংকায় লিবারেশন টাইগার্স অব তামিল ইলম (এলটিটিই) এর সঙ্গে ২৫ বছরের দীর্ঘ যুদ্ধাবসানে রক্তাক্ত শেষ লড়াই চলছে রোববার। সেনাবাহিনী এলটিটিইর নিয়ন্ত্রণাধীন অবশিষ্ট উপকূলীয় এলাকা দখলে নেওয়ার পর প্রেসিডেন্ট মহিন্দা রাজাপাকসে শনিবার তামিল টাইগারদের সামরিকভাবে পরাস্ত বলে ঘোষণা দেন। কিন্তু চারদিক থেকে ঘেরাও হওয়া টাইগাররা রোরবারও আত্মঘাতী হামলা চালিয়ে সেনাদের সঙ্গে শেষ লড়াই চালিয়ে যাচ্ছে।
ওদিকে, শ্রীলংকার সেনাবাহিনী দাবি করেছে, যুদ্ধাঞ্চলে মানবঢাল হিসেবে আটকে রাখা সব বেসামরিক তামিলকে সরিয়ে নিয়েছে তারা।
সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার উদয় নানায়েক্কারা বলেছেন, "ভেলিমুল্লাইভাইকাল থেকে সব বেসামরিক লোককে উদ্ধার করা হয়েছে। সেনারা এখনও এলটিটিই'র সঙ্গে লড়াই করছে। বৃহস্পতিবার থেকে প্রায় ৫০,০০০ লোককে সরিয়ে নেওয়া হয়েছে।"
সেনাবাহিনী আরও জানায়, যুদ্ধাঞ্চলের পশ্চিম দিকে নানথিকাডাল লেগুন পাড়ি দিয়ে পালিয়ে আসতে থাকা বেসামরিক লোকদের ভিড়ে মিশে যাওয়া ছদ্মবেশধারী ৭০জন তামিল টাইগারকে হত্যা করেছে সেনারা।
সেনাবাহিনী জানায়, উপকূল ঘিরে ফেলার পর এখন মাত্র এক বর্গকিলোমিটারের মধ্যে আটকাপড়া টাইগাররা শেষ অস্ত্র হিসেবে আত্মঘাতী হামলা চলাচ্ছে। তার আত্মসমর্পণের বদলে আত্মঘাতী স্কোয়াডের গেরিলাদের সেনাবাহিনীর দিকে ঠেলে দিচ্ছে এবং একের পর এক আত্মঘাতী বিস্ফোরণ ঘটাচ্ছে।
সেনামুখপাত্র নানায়েক্করা বলেন, "আত্মঘাতী বিস্ফোরণ ঘটছে। আত্মঘাতী স্কোয়াডের ক্যাডাররা সম্মুখসারিতে এসে নিজেদের উড়িয়ে দিচ্ছে।"
১৯৮৩ সালে এলটিটিই'র সশস্ত্র সংগ্রাম শুরুর পর শনিবার প্রথমবারের মতো দ্বীপদেশটির পুরো উপকূলের দখল নিতে সক্ষম হয় সেনাবাহিনী। একসময় উত্তর ও উত্তরপূর্বাঞ্চলের উপকূলীয় এলাকার বড় অংশের দখল ছিল তামিল টাইগারদের হাতে।
যুদ্ধাঞ্চলের একটি বাঙ্কারের ভেতরে বড় ধরনের বিস্ফোরণের শব্দ পাওয়া যাওয়ার পর এলটিটিই'র প্রতিষ্ঠাতা প্রধান ভেলুপিল্লাই প্রভাকরণ এবং অন্যান্য উর্ধ্বতন টাইগার নেতাদের ভাগ্য নিয়ে নানা গুজব ছড়িয়ে পড়েছে। প্রভারকরণ বলেছিলেন, কোনো অবস্থাতেই জীবিত ধরা পড়বেন না তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৫৫৫ ঘ.
bdnews24