২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে কমিউনিস্টদের ভরাডুবি, পশ্চিমবঙ্গ দুর্গের পতন

নির্বাচনের কয়েকদিন আগেও ধারণা করা হত, ভারতে জাতীয় পর্যায়ে কোনো জোট গঠন করতে হলে বামপন্থিদের বাদ দিয়ে করা প্রায় অসম্ভব। কিন্তু লোকসভা নির্বাচনের ফলাফলের পর পাল্টে যাচ্ছে সব হিসাবনিকাশ। বামপন্থিদের শুধু ভরাডুবিই হয়নি, প্রায় চার দশক ধরে শাসন করে আসা পশ্চিমবঙ্গ রাজ্যে তাদের দুর্গেরও পতন ঘটেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2009, 02:13 PM

Updated : 26 Aug 2022, 11:28 AM

নয়াদিল্লি, মে ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- নির্বাচনের কয়েকদিন আগেও ধারণা করা হত, ভারতে জাতীয় পর্যায়ে কোনো জোট গঠন করতে হলে বামপন্থিদের বাদ দিয়ে করা প্রায় অসম্ভব। কিন্তু লোকসভা নির্বাচনের ফলাফলের পর পাল্টে যাচ্ছে সব হিসাবনিকাশ। বামপন্থিদের শুধু ভরাডুবিই হয়নি, প্রায় চার দশক ধরে শাসন করে আসা পশ্চিমবঙ্গ রাজ্যে তাদের দুর্গেরও পতন ঘটেছে। শনিবারের ভোট গণনায় অন্যতম দুই ঘাঁটি পশ্চিমবঙ্গ এবং কেরালায় কমিউনিস্টরা ধরাশয়ী হয়েছে কংগ্রেস নেতৃত্বাধীন জোটের কাছে। অথচ এই দুই রাজ্যই ছিল তাদের ক্ষমতার মূল কেন্দ্র। রাজ্য দুটিতে হেরে তাদের রাজনৈতিক সম্ভাবনা সঙ্কুচিত হতে বসেছে। নির্বাচনের পূর্ণাঙ্গ ফলাফল এখনো জানা যায়নি। তবে যতটুকু ঘোষিত হয়েছে এবং তাতে যে ধারা ফুটে উঠেছে শেষ পর্যন্ত তা অব্যাহত থাকলে ২০০৪ সালের নির্বাচনের তুলনায় এবার তাদের অর্ধেক আসন নিয়েই পার্লামেন্টে বসতে হবে। আগেরবার তারা ৬০টি আসন নিয়ে পার্লামেন্টে বসে কংগ্রেসে সরকারকে সমর্থন দিয়েছিল। পরে যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু চুক্তির বিরোধিতা করে সরকারের পূর্ণ মেয়াদ শেষ হওয়ার এক বছর আগে তারা কংগ্রেসের ওপর থেকে সমর্থন প্রত্যাহার করে নেয়। রাজনৈতিক ভাষ্যকার প্রাঞ্জয় গুহ ঠাকুরতা রয়টার্সকে বলেন, "ভোটাররা এবার ডান বা বাম উভয়পন্থিদের প্রত্যাখ্যান করেছে এবং মধ্যপন্থায় বেছে নিয়েছে। পুঁজিবাদ ও সমাজতন্ত্রের মাঝামাঝি কঠিন পথেই মধ্যপন্থিদের চলতে হবে।" ২০০৯ সালের নির্বাচন কমিউনিস্টদের জন্য এ যাবৎকালের মধ্যে সবচেয়ে কঠিন একটি নির্বাচন হতে যাচ্ছে এ ধারণা আগে থেকেই করা হচ্ছিল। পশ্চিমবঙ্গের নির্বাচনী ফলাফল সেই ধারণা এখন প্রায় পরিষ্কার করে তুলেছে। বিশ্বের মধ্যে কেবল পশ্চিমবঙ্গেই কমিউনিস্টরা কয়েক দশক ধরে নির্বাচিতভাবে সরকার চালাচ্ছে। পশ্চিমবঙ্গে শিল্পায়নের জন্য জমি অধিগ্রহণে বাম সরকারের জবরদস্তিমূলক নীতি গ্রামাঞ্চলের ভোটারদের তাদের থেকে দূরে ঠেলে দিয়েছে। এই ভোটাররা এবার রায় দিয়েছে, রাজ্যের বিরোধীদল কংগ্রেসের মিত্র তৃণমূল কংগ্রেসের পক্ষে। কেরালায় কমিউনিস্টদের পতন ঘটেছে মূলত অন্তর্দ্বন্দ্বের কারণে। তবে বিশ্লেষকরা বলছেন, কমিউনিস্টদের এই পতনের ফলে অন্য রাজ্য সরকারগুলো শিল্পায়নের ক্ষেত্রে হয়তো ধীরনীতি গ্রহণে বাধ্য হতে পারে। রাজনৈতিক বিশ্লেষক তরুণ গাঙ্গুলি বলেছেন, "পশ্চিমবঙ্গ এমন একটি রাজ্য যেখানে চাষের বাইরে জমি খুব কম এবং বেশিরভাগ জমিই চাষাবাদযোগ্য। কিন্তু মহারাষ্ট্রের মতো অন্য রাজ্যগুলো তেমন নয়।" জোট সরকারে কমিউনিস্টদের কোনো প্রভাব না থাকলে বীমা, অবসরভাতা, ব্যাংকিং সেক্টর ও রাষ্ট্রীয় কিছু প্রতিষ্ঠান বিক্রির মতো অর্থনৈতিক সংস্কারের সম্ভাবনা আরো জোরদার হবে। আগেরবার কমিউনিস্টদের বিরোধিতার মুখে সরকার এ ধরনের কাজগুলো করতে পারেনি। লোকসভা নির্বাচনে এই বেহাল দশার পর ২০১১ সালে পশ্চিমবঙ্গে রাজ্য বিধানসভার নির্বাচন করতে হবে কমিউনিস্টদের। অনেকেই বলছেন, বিধানসভার নিয়ন্ত্রণও তারা হারাতে পারে। ভারতে বামপন্থি আন্দোলন বিষয়ে বিশেষজ্ঞ কৃষ্ণ অনাথ বলেন, "পার্লামেন্টের দিকে নজর না দিয়ে কমিউনিস্টদের উচিত এবার নিজেদের দল গঠনে মনোযোগী হওয়া।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এমএইচবি/২০১৮ ঘ.