নয়াদিল্লি, মে ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ভারতে প্রথম এইচ১এন১ ভাইরাস সনাক্ত হওয়ার খবর জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। হায়দরাবাদে এক ব্যক্তির শরীরে নতুন ধরনের এই ভাইরাস পাওয়া গেছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব ভিনিত চৌধুরী শনিবার বলেন, "তিনি একজন ভারতীয়। বিমানবন্দরে তাকে পরীক্ষার পর চিকিৎসা দেওয়া হচ্ছে। তার শরীর থেকে নেওয়া নমুনা পরীক্ষায় সংক্রমণ নিশ্চিত হয়েছে।"
আক্রান্ত ব্যক্তির নামপরিচয় প্রকাশ করা হয়নি। চৌধুরী জানান, এই ভারতীয় দুবাই থেকে দায়দরাবাদে আসেন। তার ঘনিষ্টজনদেরও আলাদা করে স্বাস্থ্যপরীক্ষা করা হচ্ছে। একই উড়োজাহাজে আসা তার সহযাত্রীদের স্বাস্থ্যের ওপরও নজর রাখা হচ্ছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, শূকর, পাখি ও মানব ভাইরাসের সংমিশ্রণে নতুন ধরনের এই ভাইরাসে ৩৫টি দেশে ৭৫ হাজার লোক আক্রান্ত হয়েছে। মারা গেছে ৬৫ জন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৬১৪ ঘ.
bdnews24