নয়াদিল্লি, মে ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ভারতের লোকসভা নির্বাচনে জয়ের পতাকা উড়াচ্ছে কংগ্রেস নেতৃত্বাধীন জোট। জয় এবং এগিয়ে থাকারভিত্তিতে এনডিটিভি জানিয়েছে, কংগ্রেস ২৫৭টি, বিজেপি ১৬৬টি এবং কমিউনিস্টদের নেতৃত্বাধীন 'তৃতীয় মোর্চা' ৭৮টি আসন পেতে যাচ্ছে। দ্বিতীয় দফায় সরকার গঠনের হিসেবনিকেশে এখন ব্যস্ত হয়ে উঠেছেন কংগ্রেস-জোট নেতারা।
জয়ের ধারায় উল্লসিত কংগ্রেস নেতাকর্মীদের প্রতি সভানেত্রী সোনিয়া গান্ধী বলেছেন, মনমোহন সিং-ই হবেন দেশের পরবর্তী প্রধানমন্ত্রী প্রার্থী। ওদিকে মনমোহন বলেছেন, রাহুলকে মন্ত্রিসভায় দেখতে চান তিনি।
দেশটির বেসরকারি টেলিভিশন এনডিটিভি জানিয়েছে, লোকসভার ৫৪৩টি আসনের মধ্যে কংগ্রেস নেতৃত্বাধীন ইউনাইটেড প্রগেসিভ অ্যালায়েন্স (ইউপিএ) ১৪৫টি আসনে জয়ী হয়েছে এবং আরও ১১২টি আসনে এগিয়ে আছে।
বিজেপি নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স (এনডিএ) ৯২টি আসনে জয়ী হয়েছে এবং ৭৪টি আসনে এগিয়ে আছে।
এছাড়া কমিউনিস্টদের নেতৃত্বাধীন 'তৃতীয় মোর্চা' ৩৯টি আসনে জয়ী এবং ৩৯টি আসনে এগিয়ে আছে।
এ হিসেব অনুযায়ী জয় এবং এগিয়ে থাকা নিয়ে কংগ্রেস মোট ২৫৭ টি আসন, বিজেপি ১৬৬টি আসন এবং কমিউনিস্টদের নেতৃত্বাধীন 'তৃতীয় মোর্চা' ৭৮টি আসন পেতে যাচ্ছে।
সরকার গঠন করতে হলে একটি দল বা জোটকে অবশ্যই পার্লামেন্টের ২৭২ জন সদস্যের সমর্থন পেতে হবে।
গত ১৬ এপ্রিল থেকে ১৩ মে পর্যন্ত মোট পাঁচ পর্বে লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ করা হয়। শনিবার নির্বাচন কমিশন কম্পিউটারভিত্তিক এ ভোট গণনা শুরু করে।
সকালে নির্বাচন কমিশনের কম্পিউটারভিত্তিক ভোট গণনা শুরুর পরপরই কংগ্রেসের এক মুখপাত্র বলেন, "নিরাপদ সংখ্যাগরিষ্ঠতা" পেতে যাচ্ছেন তারা।
প্রাথমিক ভোট গণনায় দেখা গেছে কমিউনিস্টদের দূর্গ হিসেবে পরিচিত পশ্চিমবঙ্গ রাজ্যে ৩২ বছরেরর ইতিহাস পাল্টে দিয়ে কংগ্রেস জোটের চেয়ে পিছিয়ে পড়েছে বামপন্থিরা।
কেরালায় বামদের তৃতীয় মোর্চাকে হারিয়ে এবং পশ্চিমবঙ্গে মিত্র তৃণমূল কংগ্রেসের সহায়তায় মার্ক্সবাদীদের ভরাডুবি ঘটিয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে কংগ্রেস।
এছাড়া দিল্লি, রাজস্থান, হরিয়ানা, পাঞ্জাব, উত্তরখণ্ড রাজ্যে দারুণ ফলাফল পেয়েছে কংগ্রেস।
উত্তরপ্রদেশেও কংগ্রেসের ফলাফল প্রত্যাশার চেয়ে ভাল হয়েছে।
নির্বাচনী প্রচারভিযানে রাহুল গান্ধীর ভূমিকাকে কংগ্রেসের এ বিপুল বিজয়ের অন্যতম প্রভাবক হিসেবে বিবেচনা করছেন অনেক বিশ্লেষকরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এমএইচবি/১৮০৮ ঘ.
bdnews24