নয়াদিল্লি, মে ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স/বিবিসি) - ভারতের লোকসভা নির্বাচনে পরাজয় স্বীকার করে নিয়েছে প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।
শনিবার ভোট গণনায় ক্ষমতাসীন কংগ্রেস নেতৃত্বাধীন জোট স্পষ্ট বিজয়ের পথে এগিয়ে যাওয়ায় বিজেপি নেতারা এ হার স্বীকার করে নেন।
বিজেপি'র গুরুত্বপূর্ণ নেতা অরুণ জায়িতলি বলেন, "আমরা এ রায় মেনে নিয়েছি।"
তিনি বলেন, কংগ্রেস নেতারা যদি বিজয়ের এই মুহূর্তে উল্লাস করতে চান তারা তা করতেই পারেন।
ওদিকে, এক বিবৃতিতে পরাজয় স্বীকার করে নিয়ে তৃতীয় মোর্চার প্রধান নেতা কমিউনিস্ট পার্টি অফ ইন্ডয়া'র প্রধান প্রকাশ কারাত বলেছেন বিরোধী দলে থাকবেন তারা।
শনিবারের মধ্যেই চূড়ান্ত ফল ঘোষণা করবে নির্বচন কমিশন। তবে প্রাথমিক গণনা থেকে রাষ্ট্রীয় টেলিভিশনে জানানো হয়েছে কংগ্রেস জোট ২৪৬টি আসনে, বিজেপি ১৫৯টি আসনে এবং কমিউনিস্টদের নেতৃত্বাধীন 'তৃতীয় মোর্চা' ৬০টি আসনে এগিয়ে আছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/১৪৫০ ঘ.
bdnews24