২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলংকায় লড়াই তুঙ্গে, পালাচ্ছে আরও মানুষ

শ্রীলংকার সেনারা শুক্রবার তামিল টাইগারদের বিরুদ্ধে আরও অগ্রসর হয়েছে। চলছে তুমুল লড়াই। ছোট হয়ে আসতে থাকা যুদ্ধাঞ্চল ছেড়ে পালাচ্ছে আরও মানুষ। ফলে আলোচনার মধ্য দিয়ে সঙ্কট সমাধানের জন্য তীব্র কূটনৈতিক চাপের মুখেও শ্রীলংকার ২৫ বছরের গৃহযুদ্ধ শেষ পর্যন্ত সামরিক শক্তির মধ্য দিয়েই শেষ হওয়ার আভাস পাওয়া যাচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2009, 09:52 AM

Updated : 26 Aug 2022, 11:28 AM

কলোম্বো, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- শ্রীলংকার সেনারা শুক্রবার তামিল টাইগারদের বিরুদ্ধে আরও অগ্রসর হয়েছে। চলছে তুমুল লড়াই। ছোট হয়ে আসতে থাকা যুদ্ধাঞ্চল ছেড়ে পালাচ্ছে আরও মানুষ। ফলে আলোচনার মধ্য দিয়ে সঙ্কট সমাধানের জন্য তীব্র কূটনৈতিক চাপের মুখেও শ্রীলংকার ২৫ বছরের গৃহযুদ্ধ শেষ পর্যন্ত সামরিক শক্তির মধ্য দিয়েই শেষ হওয়ার আভাস পাওয়া যাচ্ছে। সংঘর্ষের সমাধান না হলে শ্রীলংকাকে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এর ১ দশমিক ৯ বিলিয়ন ডলারের ঋণ দেরীতে দেওয়ার জন্য মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের আহ্বান সত্ত্বেও যুদ্ধ থেমে নেই। বিশ্ব অর্থনৈতিক মন্দার প্রভাব কাটিয়ে উঠতে শ্রীলংকা মার্চ মাসে এই ঋণ চেয়েছিল। সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার উদয় নানায়াক্কারা বলেছেন, "সেনারা উপকূলীয় সীমানা বরাবর গিয়ে সামনে অগ্রসর হচ্ছে। আমরা ৪৮ ঘন্টার মধ্যে বেসামরিক নাগরিকদের উদ্ধার করতে চাই।" টাইগারপন্থী ওয়েবসাইট 'ডব্লিউডব্লিউ ডট তামিলনেট ডট কম' এ শুক্রবার অজ্ঞাতপরিচয় এক উদ্ধারকর্মীর বরাত দিয়ে বলেছে, "মুখোমুখি লড়াই চলছে। লোকজন বেশির ভাগই বাঙ্কারে লুকিয়ে আছে।" আন্তর্জাতিক রেডক্রস কমিটি (আইসিআরসি) বলেছে, তুমুল লড়াই মানেই এক বর্গমাইলের বেলাভূমিতে আটকে পড়া লোকজনদের কাছে ত্রাণ সাহায্য না পৌঁছানো। রেডক্রসের ত্রাণ অভিযানের পরিচালক পিয়েরে ক্রাহেনবুল এক বিবৃতিতে বলেন, "আমাদের কর্মীরা অকল্পনীয় মানবিক বিপর্যয় প্রত্যক্ষ করছে। বর্তমান পরিস্থিতিতে কোনও মানবিক সংগঠনই তাদেরকে সাহায্য করতে পারবে না।" বুধবার জাতিসংঘ এবং মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার যুদ্ধ থামানোর আহ্বান উপেক্ষা করেছে শ্রীলংকা সরকার। ওদিকে, টাইগারররাও অস্ত্রসমর্পণ করতে অস্বীকৃতি জানিয়েছে। সেনাবাহিনী জানিয়েছে, শুক্রবার যুদ্ধাঞ্চল থেকে পালিয়ে গেছে আরও ১ হাজার মানুষ। এর আগে বৃহস্পতিবার গোলাগুলির মুখে কয়েক হাজার বেসামরিক তামিল একটি লেগুন পার হয়ে যুদ্ধাঞ্চল থেকে পালিয়েছে। তামিল বিদ্রোহীরা মানবঢাল হিসেবে হাজার হাজার বেসামরিক লোককে আটকে রেখেছে। শ্রীলংকার সেনাবাহিনী জানিয়েছে, বিমান থেকে তোলা ছবির মাধ্যমে তারা প্রায় ৫ হাজার লোকের লেগুনটি পার হয়ে পালানোর ব্যাপারে নিশ্চিত হয়েছে। উপকূলীয় একটি ক্ষুদ্র বেলাভূমিতে এই লোকরা তামিল টাইগারদের সঙ্গে এতদিন অবরুদ্ধ হয়েছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১৩৯ ঘ.