কলম্বো, ১৩ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- শ্রীলংকায় সেনা অভিযানের মুখে তামিল টাইগারদের প্রতিরোধ ভেঙে পড়েছে। সাহায্য সংস্থার কর্মকর্তারা বলছেন, দুই পক্ষের কারণেই বেসামরিক লোকদের এখন রক্ষা করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। টাইগারদের ছোটো হয়ে আসা শেষ নিরাপদ এলাকায় বেসামরিক লোকরা ঝুঁকির মধ্যে রয়েছে।
উপকূলীয় অঞ্চলের একটি ছোট্ট অংশে কোনঠাসা হয়ে পড়া তামিল বিদ্রোহীরা সেখানে হাজার হাজার বেসামরিক লোককে আটকে রেখেছে। বিদ্রোহীরা অভিযোগ করেছে, সেখানে এক বর্গমাইল এলাকা নিয়ে ঘোষিথ 'নো ফায়ার জোনে' সেনাবাহিনী তৃতীয় দিনের মতো গোলার্বষণ অব্যাহত রাখায় আরও ৪৫ জন নিহত হয়েছে।
শ্রীলংকান সরকার তাদের চলমান সেনাঅভিযান নিয়ে পশ্চিমা বিশ্বের সমালোচনা প্রত্যাখ্যান করে বলেছে, জোর করে লোকজনকে আটকে রেখে লিবারেশন টাইগার্স অব তামিল ইলম (এলটিটিই) তাদের মুল্যে যুদ্ধবিরতি আদায় করার চেষ্টা চালাচ্ছে।
জেনেভার জাতিসংঘের মানবিক বিষয়ের প্রধান জন হোমস বলেছেন, "দুই পক্ষের আপসহীন মনোভাবের কারণে এক ভয়ঙ্কর অবস্থার সৃষ্টি করেছে।"
তিনি বলেন, "এলটিটিই স্পষ্টতই লোকজনকে আটকে রেখেছে এবং তাদের মানবঢাল হিসেবে ব্যবহার করছে।"
সরকারের সমালোচনা করে তিনি বলেন, "সরকার বলছে তারা ভারী অস্ত্র ব্যবহার করছে না, কিন্তু কার্যত তা ব্যবহারের প্রমাণ রয়েছে।"
এশিয়ার দীর্ঘতম এই আধুনিক যুদ্ধের দুই পক্ষই গত রোববার থেকে গোলাগুলিতে শত শত বেসামারিক লোকের মৃত্যুর জন্য একে অপরকে দোষারোপ করে আসছে। এসব অভিযোগের সত্যত্যা নিরুপণ করা প্রায় অসম্ভব কারণ যুদ্ধাঞ্চলে বাইরের লোকদের প্রবেশ করতে দেওয়া হয় না। আর ভেতরে যারা আছেন তাদেরও পুরোপরি স্বাধীন বলা যাবে না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএন/এমএইচবি/১৭২৭ ঘ.
bdnews24