২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান জানালেন পোপ

রোমান ক্যাথলিক খ্রিষ্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ষোড়শ বেনেডিক্ট বুধবার পশ্চিম তীর সফর করে ইসরায়েলের পাশে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2009, 10:10 AM

Updated : 26 Aug 2022, 11:27 AM

বেথলেহেম, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - রোমান ক্যাথলিক খ্রিষ্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ষোড়শ বেনেডিক্ট বুধবার পশ্চিম তীর সফর করে ইসরায়েলের পাশে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন। পশ্চিম তীরে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে সাক্ষাতের পর তিনি এ আহ্বান জানান। একইসঙ্গে যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার বাসিন্দাদের প্রতি সহমর্মিতা প্রকাশ করে গাজায় ইসরায়েলের অবরোধ অবসানের জন্যও প্রার্থনা করেন পোপ। পবিত্র ভূমিতে সফরের তৃতীয় দিনে পোপ যিশুর জন্মস্থান বেথলেহেমে যান। সাপের মতো এঁকেবেঁকে চলা ইসরায়েলি সীমানা প্রাচীর দিয়ে জেরুজালেম থেকে পৃথক করে রাখা হয়েছে পশ্চিম তীর ও খ্রিষ্টানদের এ পবিত্র তীর্থকে। এ সীমানা প্রাচীরের ভেতর দিয়েই পোপকে পশ্চিম তীরে যেতে হয়। সেখানেই প্রেসিডেন্ট আব্বাসের সঙ্গে দেখা হয় পোপের। ফিলিস্তিনের মুসলিম ও খ্রিষ্টানদের দূরে সরিয়ে রাখার এ "বর্ণবাদের দেয়াল" এর তীব্র সমালোচনা করেন আব্বাস। পোপ প্রেসিডেন্ট আব্বাস এবং পশ্চিমা শক্তিগুলোর সমর্থিত ইসরায়েল-ফিলিস্তিন দ্বিরাষ্ট্রিক সমাধানের বিষয়ে ভ্যাটিকানের সমর্থন পুনর্ব্যক্ত করেন। তবে, ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই দ্বিরাষ্ট্রিক সমাধানে প্রতিশ্র"তিবদ্ধ নন। প্রেসিডেন্ট আব্বাসকে পোপ বলেন, "নিরাপত্তা ও প্রতিবেশীদের সঙ্গে শান্তিপূর্ণ বসবাসে এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত সীমান্তসহ পূর্বপুরুষদের মাটিতে একটি স্বার্বভৌম ফিলিস্তিন মাতৃভূমি প্রতিষ্ঠায় আপনার জনগণের অধিকারের প্রতি পবিত্র দৃষ্টির সমর্থন রয়েছে।" বেথলেহেমের যে আস্তাবলে যিশুর জন্ম হয়েছিল বলে খ্রিষ্টানরা বিশ্বাস করে সেখানে নির্মিত 'চার্চ অফ নেটিভিটি'র পার্শ্ববর্তী মানগার স্কয়ারে রৌদ্রোজ্জ্বল সকালের এক প্রার্থনাসভায় পোপ বলেন, "আমি জানি এই ভূমিতে অস্থিতিশীলতার কারণে দশকের পর দশক ধরে আপনারা কতোটা কষ্ট সয়েছেন এবং এখনও সয়ে যাচ্ছেন। যে পরিবারগুলো অনেক হারিয়েছে তাদের সবার জন্যই আমার হৃদয় কাঁদে।" সেখানে প্রদত্ত ভাষণে পোপ যুদ্ধবিধ্বস্ত গাজার কথা আলাদাভাবে বিশেষ জোর দিয়ে বলেন। তিনি বলেন, "যুদ্ধবিধ্বস্ত গাজার মানুষদের জন্য আমার হৃদয় ব্যাকুল।" পোপ বলেন, "সামনে পড়ে থাকা বিপুল পুনর্গঠন কাজে আপনাদের সঙ্গে আমার একাত্মতার বিষয়ে আপনারা নিশ্চিত থাকুন এবং আমি প্রার্থনা করি যাতে খুব শিগগিরই অবরোধ তুলে নেওয়া হয়।" পোপের এ কথা শ্রোতাদের প্রশংসা কুৃড়িয়েছে এবং তারা সমবেতকণ্ঠে তাকে সমর্থন জানায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৬১৫ ঘ.