তেহরান, মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- তেহরানের এভিন কারাগার থেকে সোমবার মুক্তি পেয়েছেন ইরানি-মার্কিন সাংবাদিক রোক্সানা সাবেরি। আপিল আদালত সাবেরির ৮ বছরের জেল কমিয়ে ২ বছরের স্থগিত দণ্ডাদেশ দেওয়ায় তিনি মুক্তি পেলেন।
ইরানের বিচারবিভাগের নাম প্রকাশে অনিচ্ছুক এক সূত্র এবং সাবেরির আইনজীবী জানান, যুক্তরাষ্ট্রের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ১৮ এপ্রিলে সাবেরির জেল হয়। তিনি এখন ইরান ত্যাগ করতে পারবেন। তবে কখন তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট জানা যায়নি।
সাবেরির আইনজীবী আব্দুলসামাদ খুররামশাহী বলেন, ৩২ বছর বয়স্ক এই ফ্রিল্যান্স সাংবাদিক এবং সাবেক মিস ডাকোটাকে তেহরানের এভিন কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে। তিনি কারাগার থেকে বেরিয়ে বাড়ির পথে রওনা হয়েছেন।
এর আগে খুররামশাহী জানান, আপিল আদালত সাবেরির ৮ বছরের জেল কমিয়ে ২ বছরের স্থগিত দণ্ডাদেশ দেওয়ায় তিনি মুক্তি পেয়েছেন। সাবেরি দেশ ত্যাগ করতে পারবেন। তবে ইরানে ৫ বছরের জন্য সাংবাদিকতা করতে পারবেন না বলেও জানান তিনি।
ইরানি-মার্কিন এই সাংবাদিককে দায়ে জানুয়ারির শেষদিকে গ্রেপ্তার করে ইরান। গুপ্তচরবৃত্তির অভিযোগে তার জেল ওয়াশিংটন এবং ইরানের সম্পর্কে উত্তেজনায় নতুন মাত্রা যোগ করেছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮২২ ঘ.
bdnews24