তেহরান, মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- সীমান্ত এলাকাগুলোতে সক্রিয় সশস্ত্র দলগুলোর বিরুদ্ধে বিশেষ মনোযোগ দেওয়ার জন্য সোমবার ইরাককে আহ্বান জানিয়েছে ইরান। বাগদাদ উত্তরাঞ্চলীয় কুর্দিস্তানের গ্রামগুলোতে ইরানের গোলাবর্ষণের নিন্দা জানানোর এক সপ্তাহ পর তেহরান এ আহ্বান জানাল।
গত সপ্তাহে ইরানের রাষ্ট্রদূতকে বাগদাদে ডেকে পাঠিয়ে ওই ধরনের হামলার নেতিবাচক পরিণতি সম্পর্কে ইরাক সতর্ক করে দিয়েছে বলে জানিয়েছে। ইরাক সীমান্তে কুর্দি-অধ্যুষিত এলাকায় গেরিলাদের সঙ্গে প্রায়ই ইরানি বাহিনীর সংঘর্ষ হয়। কিন্তু ইরাকের মাটিতে কোনও লক্ষ্যবস্তুতে আঘাত হানার কথা ইরান নিশ্চিত করেনি আবার অস্বীকারও করেনি।
ইরানের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র হাসান কাসকাভি এক সংবাদ সম্মেলনে বলেছেন, ইরাকের আঞ্চলিক অখন্ডতাকে ইরান সমর্থন করে এবং শ্রদ্ধা করে। কাসকাভি বলেন, ইরাকি কর্মকর্তারা সন্ত্রাসী দল হিসাবে পরিচিত ছোট ছোট দলগুলোর আন্দোলনের দিকে বিশেষ মনোযোগ দেবে বলে তিনি আশা করেন।
ছোট ছোট দল বলতে কাসকাভি কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে)'র শাখা ' দ্য পার্টি অব ফ্রি লাইফ অব কুর্দিস্তান' (পিজেএকে) কে বুঝিয়েছেন। দলটি ১৯৮৪ সালে তুরস্কে স্বাধীন কুর্দিস্তান প্রতিষ্ঠার দাবিতে হাতে অস্ত্র তুলে নেয়।
তুরস্ক ও ইরান সীমান্তে ইরাকের প্রত্যন্ত পার্বত্যাঞ্চলগুলোতে পিজেএকে এবং পিকেকে দুয়েরই উপস্থিতি রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭৩০ ঘ.
bdnews24