টোকিও, মে ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বিশ্বের সবচেয়ে বড় গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টয়োটা মটর কর্পোরেশন জানিয়েছে, বিক্রি কমে যাওয়ায় এ বছর তাদের ৮ দশমিক ৬ বিলিয়ন মার্কিন ডলার লোকসান হতে পারে।
চলতি বছরের প্রথম তিন মাসে ৬ দশমিক ৮ ডলার লোসকান হয়েছে বলে জানিয়েছে কোম্পানিটি। এর ফলে ১৯৯৪ সালের পর এই প্রথম তারা বার্ষিক লভ্যাংশ কমাতে বাধ্য হয়েছে।
বিশ্ব অর্থনৈতিক সংকটের কারণে গাড়ির চাহিদা কমেছে অনেক এবং যুক্তরাষ্ট্রের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ক্রাইসলার নিজেদের দেউলিয়া ঘোষণা করতে বাধ্য হয়েছে। এই সংকটে পড়ে টয়োটারও ক্ষতি হয়েছে অনেক। তারা ইতোমধ্যে অনেকগুলো করাখানা বন্ধ করে দিয়েছে।
যুক্তরাষ্ট্র এবং জাপানে টয়োটা গাড়ির বেচাকেনা বেশি হওয়ার তারাই বিশেষত বেশি ক্ষতির মুখে পড়েছে। কেননা আর্থিক সংকটের কারণে সেখানে গাড়ি বিক্রি গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে বেশি কমেছে।
সিনকিন অ্যাসেট ম্যানেজমেন্টের তহবিল ব্যবস্থাপক নাওকি ফুজিওয়ারা বলেন, "প্রথমত আমি খুবই হতাশ। আমার আশঙ্কার তুলনায় টয়োটার অবস্থা আরও খারাপ। বছরের প্রথম ছয় মাস তাদের জন্য সবচেয়ে খারাপ যাবে বলে তারা ধারণা করছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এইচএ/২৩১৫ ঘ.
bdnews24