সিঙ্গাপুর/কুয়ালা লামপুর, মে ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ২০০২ সালে ইন্দোনেশিয়ার বালিতে বোমা হামলায় জড়িত থাকার দায়ে অভিযুক্ত সিঙ্গাপুরের একটি কট্টরপন্থি মুসলিম দলের নেতাকে শুক্রবার মালেশিয়ায় আটক করা হয়েছে।
গোয়েন্দা সূত্র সিঙ্গাপুরের স্ট্রেইট টাইমস পত্রিকাকে জানিয়েছে, সিঙ্গাপুরের তালিকাভূক্ত শীর্ষ সন্ত্রাসী মাস সেলামাত কাস্তারিকে মালয়েশিয়ার জহোর রাজ্য থেকে গ্রেপ্তার করা হয়েছে।
মালয়েশিয়া সরকার জানিয়েছে, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া এবং তাদের নিজেদের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেলামাতকে গ্রেপ্তার করা হয়। তাকে হস্তান্তরের বিষয়টি সিঙ্গাপুরের সঙ্গে আলোচনার ওপর নির্ভর করছে।
মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী হিসামুদ্দিন হুসেইন এক সংবাদ সম্মেলনে বলেন, "তিনি কিছু করার পরিকল্পনা করছিলেন, এজন্যই আমরা তাকে আটক করতে পেরেছি। আমরা তার ব্যাপারে সবকিছু জেনে গিয়েছিলাম বলেই আশা করেছিলাম এবার আর সে আমাদের ফাঁকি দিতে পারবে না।"
নিরাপত্তা বিশেষজ্ঞরা জানিয়েছেন, মাস সেলামাতের গ্রেপ্তার গুরুত্বপূর্ণ এই কারণে যে, এর ফলে আন্তদেশীয় সহযোগিতার কার্যকারিতা প্রমাণিত হয়েছে। এছাড়া, তিনি ইন্দোনেশিয়ার জঙ্গিদের সঙ্গে নিয়ে বালি হামলার মতো আরও হামলা চালানোর পরিকল্পনা করতে পারেন বলে যে ঝুঁকি ছিল তার অবসান হল।
বিমান ছিনতাই করে সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরের বিস্ফোরণের ঘটনায় সেলামাতই মূল ষড়যন্ত্রকারী বলে অভিযুক্ত। সিঙ্গাপুরের একটি কারগারে আটক থাকা অবস্থায় ২০০৮ সালের ফেব্র"য়ারিতে কারগারের টয়লেটের জানালা দিয়ে পালিয়েছিলেন সেলামাত। এরপর তার খোঁজে ব্যাপক তল্লাশি চালানো হয় এবং ইন্টারপোলকেও তলব করা হয়েছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৭৫০ ঘ.
bdnews24