কাবুল, মে ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মার্কিন বিমান হামলায় বেসামরিক নাগরিক হতাহতের ঘটনায় পশ্চিম আফগানিস্তানে বৃহস্পতিবার বিক্ষোভ করেছে বিক্ষুব্ধ জনতা। বিক্ষোভকারীদের ওপর গুলি চালিয়েছে পুলিশ। এতে একজন আহত হয়েছে।
ডেপুটি গভর্নর ইউসুফ রাসুলি টেলিফোনে রয়টার্সকে জানান, ফারাহ শহরে বিক্ষোভকারীরা প্রাদেশিক গভর্নরের ভবনে ঢুকে পড়ার চেষ্টা করলে তাদের বাধা দিতে পুলিশ গুলি চালায়। এতে একজন গুলিবিদ্ধ হয়েছে।
তিনি বলেন, "তারা কম্পাউন্ডের দিকে পাথর ছুঁড়ছিল। ফলে পুলিশ তাদের থামাতে বাধ্য হয়।" বিক্ষোভকারীরা এ সময় মার্কিনবিরোধী শ্লোগান দেয় বলে তিনি জানান।
এলাকাবাসী জানিয়েছে, বিক্ষোভ শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। কিন্তু ফারাহ শহরের সব দোকানপাট বন্ধ রয়েছে।
গত সোমবার রাত ও মঙ্গলবার লড়াইয়ের সময় ফারাহ প্রদেশের বালা বলুক জেলায় কয়েকটি গ্রামে বিমান হামলা চালায় মার্কিন বাহিনী। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ মঙ্গলবার এবং বুধবার জানা গেছে।
মার্কিন বাহিনী জানিয়েছে, তারা ঘটনা তদন্ত করে দেখছে। তবে রেডক্রস জানিয়েছে, তারা অনেকগুলো মৃতদেহ দেখেছে এবং প্রাদেশিক কর্মকর্তারা জানিয়েছে, মৃতের সংখ্যা শতাধিক হতে পারে।
এই মৃতের সংখ্যা নিশ্চিত হয়ে থাকলে, ২০০১ সালে তালেবানদের পতনের পর এটাই হবে মার্কিন হামলায় সবচেয়ে বেশি বেসামরিক নাগরিক নিহতের ঘটনা।
বিক্ষোভকারীরা আফগানিস্তান থেকে মার্কিন বাহিনী প্রত্যাহারের দাবি জানায়। একইসঙ্গে নিহতদের প্রাথমিকভাবে তালেবান যোদ্ধা বলে জানানোয় তারা প্রাদেশিক কর্মকর্তাদের সমালোচনা করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/২১০১ ঘ.
bdnews24