২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইসরায়েল, ভারতের এনপিটিতে যোগ দেওয়া উচিৎ : যুক্তরাষ্ট্র

ভারত, পাকিস্তান, উত্তর কোরিয়া এবং ইসরায়েলের পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটি)-তে যোগ দেওয়া উচিৎ। যুক্তরাষ্ট্রের একজন উর্ধ্বতন কর্মকর্তা মঙ্গলবার একথা বলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2009, 07:27 AM

Updated : 26 Aug 2022, 11:25 AM

জাতিসংঘ, মে ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ভারত, পাকিস্তান, উত্তর কোরিয়া এবং ইসরায়েলের পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটি)-তে যোগ দেওয়া উচিৎ। যুক্তরাষ্ট্রের একজন উর্ধ্বতন কর্মকর্তা মঙ্গলবার একথা বলেছেন। পরমাণু অস্ত্র বিস্তার-রোধ চুক্তিতে স্বাক্ষরকারী ১৮৯টি দেশের দুই সপ্তাহব্যাপী বৈঠকের দ্বিতীয় দিনে যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী রোজ গোটেমোয়েলার একথা বলেন। তবে একইসঙ্গে এনপিটি'র বাইরে থাকা সত্ত্বেও ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের বেসামরিক পরমাণু সহায়তা চুক্তি স্বাক্ষরের পক্ষেও সাফাই দেন তিনি। সমালোচকদের মতে ওই চুক্তি করে ভারতকে 'এনপিটি'র বাইরে থাকার জন্য পুরস্কৃত করেছে যুক্তরাষ্ট্র। জাতিসংঘে স্বাক্ষরকারী দেশগুলোর বৈঠকে গোটেমোয়েলার বলেন, "এনপিটি'র প্রতি বৈশ্বিক আনুগত্য এবং ভারত, ইসরায়েল, পাকিস্তান ও উত্তর কোরিয়ার এতে যোগ দেওয়া যুক্তরাষ্ট্রের মৌলিক আকাঙ্খার মধ্যে রয়েছে।" আগামী বছরের এক পর্যালোচনা সম্মেলনে পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তিটি নবায়নের পরিকল্পনা রয়েছে সদস্য দেশগুলোর। তবে, ইসরায়েলকে এনপিটি-তে যোগ দেওয়ার জন্য কিংবা তার কাছে থাকা পরমাণু অস্ত্র ধ্বংসের জন্য যুক্তরাষ্ট্র নতুন কোনো পদক্ষেপ নেবে কি না বৈঠকের পর সাংবাদিকদের এমন প্রশ্নের কোনো জবাব দেননি সহকারি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। ধারণা করা হয় মধ্যপ্রাচ্যে পরমাণু অস্ত্রধর একমাত্র শক্তি ইসরায়েল। তবে, ইসরায়েল পরমাণু অস্ত্র থাকার বিষয়টি স্বীকার বা অস্বীকার কোনোটিই করে না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/১২৫৫ ঘ.