ইয়াঙ্গুন, মে ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- মিয়ানমারের গৃহবন্দি বিরোধীদলীয় নেত্রী অং সান সু চির মুক্তির বৈধ আবেদন প্রত্যাখ্যান করেছেন জান্তা সরকার। সু চির গৃহবন্দিত্বের মেয়াদ শেষ হচ্ছে ২৭ মে। সু চির দল মঙ্গলবার একথা জানিয়েছে।
সু চি গত ১৯ বছরের মধ্যে ১৩ বছরেরও বেশি সময় গৃহবন্দি অবস্থায় কাটিয়েছেন। সু চির মুক্তির আবেদন প্রত্যাখ্যান করার জান্তা সরকারের সিদ্ধান্তটি তার আইনজীবীকে গত সপ্তাহে জানানো হয়েছে। সুচির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসি'র (এনএলডি) সদস্য নে উইন একথা বলেছেন।
সু চিকে সর্বশেষ গৃহবন্দি করা হয় ২০০৩ সালের ৩০ মে। আইনানুযায়ী, সুচিকে ৫ বছর গৃহবন্দি করে রাখার বিধান আছে। এরপর তাকে অবশ্যই মুক্তি দেওয়া কিংবা বিচার করার কথা। কিন্তু গত বছর মিয়ানমার সরকার আইন ভঙ্গ করে সু চির গৃহবন্দিত্বের মেয়াদ বাড়ায়। সু চির আইনজীবী এর বিরুদ্ধে আপীল করেন।
নে উইন বলেন, "আইনের আওতায় সু চির মুক্তির জন্য এই আবেদনটাই ছিল সর্বশেষ পন্থা। এখন আমাদেরকে তার মুক্তির জন্য অন্য পথ খুঁজতে হবে।" কয়েকমাস আগে রাষ্ট্রপরিচালিত একটি পত্রিকায় আইনানুযায়ী, ছয়বছর মেয়াদে সু চির গৃহবন্দিত্বের বিধানের কথা বলা হয়েছিল।
তবে জাতিসংঘের 'আরবিট্রারি ডিটেনশন' বিষয়ক ওয়ার্কিং গ্র"প সু চির গৃহবন্দিত্বকে মিয়ানমারের আইনেই অবৈধ বলে রায় দিয়েছে। কিন্তু মিয়ানমার জান্তা সরকার খুব শিগগিরি সু চিকে মুক্তি দেবে বলে মনে করছেন না বিশ্লেষকরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২০৪০ ঘ.
bdnews24