মাদ্রিদ/জেনেভা, মে ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ফ্লু সতর্ক সংকেত শীর্ষমাত্রা ছয়ে উন্নীত করে বিশ্বব্যাপী মহামারী অবস্থা ঘোষণা করতে পারে। সংস্থাটির প্রধান সোমবার প্রকাশিত এক সাক্ষাৎকারে এই ইঙ্গিত দিয়েছেন।
সোয়াইন ফ্লু মেক্সিকোতে শতাধিক মানুষের জীবন কেড়ে নিয়ে আরও অনেক দেশে বিস্তার লাভ করায় ডব্লিউএইচও'র সতর্ক সংকেত পর্যায়ক্রমে বাড়িয়ে পাঁচ করা হয়েছে। কবে এটি ছয় করা হবে তা উল্লেখ না করলেও তা শীর্ষমাত্রায় নিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন সংস্থাটির মহাপরিচালক মার্গারেট চান।
স্পেনিশ পত্রিকা এল পায়াস-এ দেওয়া সাক্ষাৎকারে চান এইচ১এন১ এ নতুন করে আক্রান্তের সংখ্যা কমে আসায় অতিমাত্রায় আশাবাদী হওয়ার ব্যাপারে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।
চান বলেন, "ছয়ধাপের সতর্কতা মানে এই নয় যে বিশ্ব শেষ হয়ে যাওয়ার অবস্থায় আমরা আছি। বিষয়টি স্পষ্ট করা দরকার যাতে ছয়মাত্রা সতর্কতা জারি করা হলে অহেতুক আতঙ্ক ছড়িয়ে না পড়ে।"
তিনি বলেন, "ফ্লু ভাইরাস নিয়ে কিছুৃতেই ভবিষ্যদ্বাণী করা যায় না। কিছুতেই বিশ্বাস করা যায় না এটাকে । তাই আমাদের অতি-আত্মবিশ্বাসী হওয়া উচিত নয়। এইচ১এন১ ভাইরাসকে কিছুতেই অন্য ভাইরাসের সঙ্গে মিশে যে দেওয়া চলবে না। তাই আমরা সদা-সতর্ক।"
ডব্লিউএইচও এর সতর্কতা নির্ধারণ করা হয় ভাইরাসটি কীভাবে ছড়াচ্ছে তারভিত্তিতে, এর প্রভাবে কতখানি ক্ষতি হয়েছে সে বিবেচনায় নয়।
জাতিসংঘের সংস্থাটি গত সপ্তাহে সতকর্তা দু'বার বাড়িয়ে তিন থেকে বর্তমানের পাঁচমাত্রায়নিয়ে আসে। ভাইরাসটি ইউরোপ ও এশিয়ার জনগোষ্ঠীর মধ্যে ছড়ানোর ধরন দেখেই ছয় ঘোষণার সিদ্ধান্ত নেবে ডব্লিউএইচও।
সতর্কতার মাত্রা ছয় তথা পূর্ণ-মহামারীর ঘোষণা দেওয়ার অর্থ হচ্ছে দেশগুলোর প্রতি মহামারী প্রতিরোধের পুরো পরিকল্পনা নিয়ে মাঠে নামার সংকেত। হাসপাতালগুলোকে পুরোদমে প্রস্তুতি নিতে হবে, স্কুল-কলেজ বন্ধ এবং সামাজিক সমাবেশ ও মেলামেশা নিয়ন্ত্রণ করতে হতে পারে এই পরিকল্পনার আওতায়।
ইতিমধ্যে সোয়াইন ফ্লু যুক্তরাষ্ট্রের প্রায় ৩০ টি অঙ্গরাজ্যে ছড়িয়ে পড়েছে । সংক্রমিত হয়েছে ২২৬ জন। যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র 'সিডিসি' একথা জানিয়েছে। বয়সে তরুণরাই এ ভাইরাসে আক্রান্ত হচ্ছে বেশি। ৫০ বছরের বেশি বয়স্কদের মধ্যে এই ফ্লু সংক্রমণের হার খুব কম।
নতুন ফ্লুটির টিকা শরৎ কালের মধ্যেই তৈরি হয়ে যাবে বলে আশা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র সরকার।
ফ্লু'র সংক্রমণ ঠেকাতে সোমবারেও ব্যবসা-বাণিজ্য ও অফিস আদালত বন্ধ রাখা হয়েছে মেক্সিকোয়। কর্তৃপক্ষ সংক্রমণ অনেকটাই কমে এসেছে বলে জানিয়েছে। তবে মেক্সিকোর বাইরে এইচ১এন১ ভাইরাস সংক্রমণ বেড়ে চলেছে।
মেক্সিকোর স্বাস্থ্য বিশেষজ্ঞরা ইতোমধ্যেই বলেছেন, সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা যা ধারণা করা হয়েছিল তার চেয়ে কম হয়েছে। গত শুক্রবার তারা জানান, এর আগে নতুন ধরনের এই এইচ১এন১ ফ্লুতে ১৭৬ জনের মৃত্যুর কথা জানানো হলেও প্রকৃতপক্ষে এই সংক্রমণে মৃত্যুর সংখ্যা ১০১ জনের বেশি নয়।
তবে বিশ্বজুড়ে এখনও নতুন ধরনের এই ফ্লু সংক্রমণের খবর আসছে। কোস্টারিকা, ইতালি এবং আয়ারল্যান্ডে সোয়াইন ফ্লু সংক্রমণ ধরা পড়েছে। আরও ১৮ টি দেশেও এর বিস্তার ঘটেছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার 'গে
bdnews24