কাঠমান্ডু, মে ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- সেনা প্রধান বরখাস্তের প্রতিবাদে রোববার নেপাল সরকার থেকে বেরিয়ে গেছে দ্বিতীয় বৃহত্তম শরিক দল কমিউনিস্ট ইউএমএল পার্টি। এতে করে অস্থিতিশীল হয়ে পড়ল নেপালের জোট সরকার। সশস্ত্রবাহিনীতে নতুন লোক নিয়োগ না দেওয়ার সরকারি নির্দেশ অমান্য করায় রোববার সেনাপ্রধান জেনারেল রুকমঙ্গুদ কাতাওয়ালকে বরখাস্ত করে ক্ষমতাসীন মাওবাদীরা। এতে ক্ষুব্ধ হয়ে ওঠে সরকারের শরিক দলগুলো।
কমিউনিস্ট ইউএমএল পার্টি সরকার থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দেওয়ার পাশাপাশি ছোট একটি শরিক দল 'সদ্ভাবনা' পার্টিও সরকার থেকে সমর্থন প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দিয়েছে।
ইউএমএল পার্টির সাধারণ সম্পাদক ইশওয়ার পোখারেল সাংবাদিকদের বলেন, "দল সরকার থেকে বেরিয়ে যাওয়ার এবং মাওবাদীদের ওপর থেকে সমর্থন প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। মাওবাদীরা সরকার পরিচালনায় আমাদের আস্থা অর্জনে ব্যর্থ হয়েছে।"
ইউএমএল বেরিয়ে যাওয়ায় ৬০১ সদস্যের পার্লামেন্টে মাওবাদীদের সংখ্যাগরিষ্ঠতা কমল। পার্লামেন্টে মাওবাদীদের ২৩৮ টি আসন আছে। এখনও তাদেরকে সমর্থন দিচ্ছে কয়েকটি ছোট ছোট দল।
পার্লামেন্টে ইউএমএল এর ছিল ১০৮ সদস্য এবং সদ্ভাবনা পার্টির ছিল তিন সদস্য। দল দুইটির ওয়াকআউট নেপালকে সঙ্কটের মুখে ঠেলে দিয়েছে। আরও শরিক দল সরকার থেকে বেরিয়ে যেতে পারে বলে আশঙ্কা আছে। এমন হলে সরকার সংখ্যালঘু হয়ে পড়বে এবং পার্লামেন্ট নির্বাচন অনিবার্য হয়ে উঠতে পারে।
সাবেক মাওবাদী যোদ্ধাদের সশস্ত্রবাহিনীতে অন্তর্ভুক্ত করার নেপাল সরকারের প্রচেষ্টার বিরোধিতা করে আসছে জেনারেলরা।
বরখাস্ত জেনারেল রুকমঙ্গুদ কাতাওয়াল ২,৮০০ জনকে নতুন নিয়োগ দিয়েছেন এবং সরকারের সঙ্গে আলোচনা না করেই ৮ জেনারেলকে পুনর্বহাল করেছেন বলে অভিযোগ রয়েছে। তিনি সরকারি নির্দেশ না মানার যে ব্যাখ্যা দিয়েছেন তা সন্তোষজনক নয় বলে তাকে বরখাস্ত করা হয়েছে। মন্ত্রিসভার এক বৈঠকের পর নেপালের তথ্য ও যোগাযোগমন্ত্রী কৃষ্ণ বাহাদুর মাহারা রোববার সাংবাদিকদের একথা জানিয়েছেন।
মাহারা বলেন, "কাতাওয়ালের বিরোধিতার কারণেই মন্ত্রিসভা তাকে বরখাস্ত করেছে।"
স্থানীয় টেলিভিশন স্টেশন জানায়, কাতাওয়াল তাকে বরখাস্তের পদক্ষেপ মেনে নেননি এবং তার কার্যালয়ে অন্যান্য জেনারেলদের সঙ্গে বৈঠক করেছেন।
বিরোদীদলগুলোসহ জোট সরকারের কয়েকটি শরিকের বিরোধিতা উপেক্ষা করে মাওবাদীরা সেনাপ্রধানকে বরখাস্ত করে। এর প্রতিবাদে বিরোধীদল নেপালি কংগ্রেস পার্টির বিক্ষুব্ধ কর্মীরা রাজধানী কাঠমান্ডুর রাস্তায় বিক্ষোভ মিছিল করেছে এবং টায়ার জ্বালিয়েছে। তবে সহিংসতার কোনও ঘটনা ঘটেনি।
সেনাবাহিনীকে নিয়ন্ত্রণ করার মধ্য দিয়ে মাওবাদীরা 'স্বৈরশাসন' কায়েম করার চেষ্টায় নেমেছে বলে নেপালি কংগ্রেস অভিযোগ করেছে। শরিক দলগুলো বলেছে, তাদের সঙ্গে আলোচনা না করেই মাওবাদীরা কাতাওয়ালকে বরখাস্ত করায় তারা ক্ষুব্ধ।
১৯ হাজার সাবেক মাওবাদী বিদ্রোহীকে সশস্ত্র বাহিনীতে অন্তর্ভুক্ত করার বিষয়টি নিয়ে ক্ষমতাসীন মাওবাদী এবং সেনাবাহিনীর মধ্যে বিরোধ চলে আসছে। কাতাওয়াল সরকারের এ প্রচেষ্টার বিরোধিতা করে বলেছেন, সেনাবাহিনী কারও অনুগত ক্যাডারদের দলে স্থান দিতে পারে না।
কিন্তু নেপালে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য সাবেক মাওবাদী যোদ্ধাদের সশস্ত্রবাহিনীতে অন্তর্ভুক্ত করাটা গুরুত্বপূর্ণ বলেই মনে করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১০১০ ঘ.
bdnews24