বুনার, মে ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পাকিস্তানের তালেবান জঙ্গিরা শুক্রবার আধাসামরিক বাহিনীর সদরদপ্তরে হামলা চালিয়ে ১০ সদস্যকে অপহরণ করেছে। গোলযোগপূর্ণ উত্তরপশ্চিমাঞ্চলে শুরু হওয়া সেনাঅভিযান চলার মাঝে তালেবানরা এই পাল্টা জবাব দিল।
ঊর্দ্বতন এক সরকারি কর্মকর্তা জানিয়েছেন, মালাকান্দের আপার দির জেলায় আধাসামরিক বাহিনীর সদরদপ্তরে হামলা চালিয়েছে ৫০ জনেরও বেশি তালেবান জঙ্গি। বুনার থেকে তালেবানদের উচ্ছেদ করতে গত মঙ্গলবার পাকিস্তান ওই অঞ্চলে সেনা অভিযান শুরু করেছে। আপার দির এবং বুনার দুটোই মালাকান্দে।
আপার দির জেলার প্রধান প্রশাসক আতিফ-উর-রেহমান রয়টার্সকে বলেছেন, "আমরা অপহৃতদের নিরাপদে ফিরে পাওয়ার সর্বাত্মক চেষ্টা চালাচ্ছি।"
এর আগে সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আতহার আব্বাস জাতিকে আশ্বস্ত করে বলেন, "সশস্ত্র বাহিনীর যে কোনও ধরনের হুমকি মোকাবিলার সামর্থ আছে-- আমরা জাতিকে সেই আশ্বাস দিচ্ছি।"
বুনার জেলায় ৫০০ তালেবান যোদ্ধা রয়েছে বলে ধারণা করছে সেনাবাহিনী। এখান থেকে সরে না গেলে জোরালো সেনা অভিযান চালানোর হুঁশিয়ারি দিয়ে পাকিস্তান তাদের বিরুদ্ধে এ অভিযানে নামে। সোয়াত উপত্যকার বাইরে তালেবানদের বিস্তার ঠেকানোই এর উদ্দেশ্য।
আব্বাস জানান, সেনাবাহিনী বুনার উপত্যকার ডাগার শহরের নিয়ন্ত্রণ নিয়েছে।
বুনার ও সোয়াত দুটি জেলাই মালাকান্দে। সোয়াত উপত্যকায় সহিংসতা অবসানের চেষ্টায় প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি ইসলামী শরিয়া আইন অনুমোদন করেছেন। কিন্তু সরকারের এই ছাড়ে উৎসাহিত হয়ে তালেবান যোদ্ধারা পাশ্ববর্তী 'বুনার' ও এর কাছাকাছি 'শাংলা' জেলা নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা চালাচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৫৪৩ ঘ.
bdnews24