শ্রীনগর, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ভারতীয় কাশ্মীরে সাধারণ নির্বাচন বয়কটের আহ্বান জানিয়ে বিচ্ছিন্নবাদী সংগঠনগুলোর ডাকা ধর্মঘটের প্রথম দিনে বুধবার বিক্ষোভ ঠেকাতে সরকার ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেয়ায় প্রধান শহর শ্রীনগর কার্যত অচল হয়ে পড়েছে। ভারতের অস্থিতিশীল রাজ্যটিতে বেশ কিছুদিন তুলনামুলক শান্ত অবস্থা বিরাজ করার পর নির্বাচনকে ঘিরে ফের উত্তেজনা সৃষ্টি হয়েছে।
শ্রীনগরের জনশূন্য রাস্তায় সেনারা টহল দিচ্ছে। শহরের বিভিন্ন সেনারা ব্যারিকেড দেওয়ায় আবাসিক এলাকাগুলো বিচ্ছিন্ন হয়ে পড়েছে। দোকান-পাট ও ব্যবসা-বাণিজ্য বন্ধ হয়ে গেছে। ভারতে ১৬ এপ্রিল শুরু হওয়া মাসব্যাপী সাধারণ নির্বাচনের তৃতীয় ধাপে বৃহস্পতিবার রাজ্যটিতে ভোট হওয়ার কথা রয়েছে।
কাশ্মীরের অল পার্টিস হুরিয়াত (ফ্রিডম) কনফারেন্স নির্বাচন বয়কটের আহ্বান জানিয়ে বুধাবার ও ভোটের দিন রাজ্যজুড়ে ধর্মঘট ডেকেছে।
হুরিয়াতের চেয়ারম্যান মিরওয়াইজ উমর ফারুক বুধবার বলেছেন, "নয়াদিল্লি আমাদের প্রতিরোধ আন্দোলনে হতাশ হয়ে পড়েছে। তারা নির্বাচনের বিরুদ্ধে আমাদেরকে শান্তিপূর্ণ প্রতিবাদ জানাতেও দিতে চায় না। এটা খুবই লজ্জার ঘটনা।"
বিশ্লেষকরা বলছেন, কাশ্মীরে একটি নির্বাচন অনুষ্ঠান করার কৃতিত্ব নয়াদিল্লিকে দিতে চায় না বিচ্ছিন্নতাবাদীরা। গত বছর স্থানীয় নির্বাচনে বিপুলসংখ্যক কাশ্মীরি ভোট দিয়েছিল। এর পুনরাবৃত্তি রোধ করতে তৎপর বিচ্ছিন্নতাবাদী দলগুলো। যদিও অনেকেই ভারতীয় শাসন মেনে নেওয়ার চেয়েও এই নির্বাচনকে দেখছেন সুশাসনের পন্থা হিসেবে।
প্রথমে নির্বাচন বয়কটের ডাক দিয়েছিল পাকিস্তানভিত্তিক ১৩টি জঙ্গি সংগঠন। পরে তাদের আহ্বানে যোগ দেয় হুরিয়াত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৮২০ ঘ.
bdnews24