২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কলম্বোয় সুইডিশ রাষ্ট্রদূতকে দেশে তলব

সুইডিশ পররাষ্ট্রমন্ত্রী কার্ল বিলৎকে ভিসা দিতে শ্রীলংকা সরকার অস্বীকৃতি জানানোর পর কলম্বোয় নিয়োজিত রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়েছে সুইডেন। বিলৎ মঙ্গলবার একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2009, 02:08 PM

Updated : 26 Aug 2022, 11:23 AM

লুক্সেমবার্গ, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সুইডিশ পররাষ্ট্রমন্ত্রী কার্ল বিলৎকে ভিসা দিতে শ্রীলংকা সরকার অস্বীকৃতি জানানোর পর কলম্বোয় নিয়োজিত রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়েছে সুইডেন। বিলৎ মঙ্গলবার একথা জানিয়েছেন। ব্রিটিশ এবং ফরাসি পররষ্ট্রমন্ত্রীর সঙ্গে চলতি সপ্তাহে শ্রীলংকায় যাওয়ার কথা ছিল বিলতের। শ্রীলংকায় সেনাবাহিনী ও লিবারেশন টাইগারস অব তামিল ইলম বা এলটিটিই গেরিলাদের মধ্যে যুদ্ধবিরতির জন্য কলম্বোকে চাপ দেওয়া ছিল এ সফরের লক্ষ্য। তবে কলম্বোয় শ্রীলংকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, বিলৎকে ভিসা দিতে তারা অস্বীকৃতি জানায়নি। তাদের পররাষ্ট্রমন্ত্রী রোহিথা বোগোলাগামা সোমবার ফোনে বিলতের সঙ্গে কথা বলেছেন এবং তার সুবিধামতো যে কোনো সময় শ্রীলংকা সফরে তাকে আমন্ত্রণ জানিয়েছেন, তবে তা মে মাসে। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রেসিডেন্ট চেক পররাষ্ট্রমন্ত্রী কারেল শোয়ারেনবার্গ বলেন, "শ্রীলংকার এই পদক্ষেপ একটি বড় ভুল... ইউরোপে এই ঘটনার প্রতিক্রিয়া অবশ্যই হবে এবং শ্রীলংকা সরকার ও ইউরোপীয় রাষ্ট্রগুলোর মধ্যে সম্পর্কোন্নয়নের ক্ষেত্রে প্রভাব ফেলবে।" লুক্সেমবার্গে ইইউ পররাষ্ট্রমন্ত্রীদের এক বৈঠকের পর সংবাদ সম্মেলনে শোয়ারেনবার্গ জানান, বিলৎ শ্রীলংকা পরিস্থিতির একজন বিশেষজ্ঞ। বিলৎ এর আগে সাংবাদিকদের জানান, শ্রীলংকার সিদ্ধান্ত স্টকহোমের সঙ্গে কলম্বোর সম্পর্কের ক্ষেত্রে ভাল হবে না। তিনি বলেন, "শ্রীলংকা কর্তৃপক্ষ হুট করে জানিয়েছে, তারা আমাকে তাদের দেশে যেতে দেবে না। তবে কোনো কারণও দেখায়নি। এটা খুব অদ্ভুত আচরণ... অতিমাত্রায় অদ্ভুত।" শ্রীলংকার পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার এক বিবৃতিতে জানায়, মে মাসে উভয় পক্ষের জন্য সুবিধাজনক যে কোনো সময়ে শ্রীলংকা সফরের জন্য বিলৎকে আমন্ত্রণ জানিয়েছেন বোগোলাগামা। তবে এ সপ্তাহেই ব্রিটিশ এবং ফরাসি পররাষ্ট্রমন্ত্রীর সফরের ক্ষেত্রে তারা কোনো নিষেধাজ্ঞা আরোপ করেনি। শ্রীলংকা সরকার সোমবার জানিয়েছে, তামিল টাইগারদের বিরুদ্ধে ভারী অস্ত্র ব্যবহার বন্ধে সেনাদের নির্দেশ দিয়ে তারা এখন যুদ্ধাঞ্চলে আটকে পড়া লোকজনদের সুরক্ষা ও উদ্ধার অভিযানে মনোনিবেশ করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এমএইচবি/১৯৫৬ ঘ.