২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লন্ডনে ৭/৭ বোমা হামলার ষড়যন্ত্রে অভিযুক্তদের অব্যাহতি

লন্ডনে ২০০৫ সালের জুলাইয়ে বোমা হামলার ষড়যন্ত্রে সহযোগিতার অভিযোগ থেকে তিন ব্রিটিশ নাগরিককে মঙ্গলবার অব্যাহতি দিয়েছে আদালত। ২০০৫ সালের সাত জুলাই লন্ডনে তিনটি পাতাল ট্রেন এবং একটি বাসে একযোগে ওই হামলা চালানো হয়। এতে ৫২ জন নিহত হয়েছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2009, 12:47 PM

Updated : 26 Aug 2022, 11:23 AM

লন্ডন, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রযটার্স)- লন্ডনে ২০০৫ সালের জুলাইয়ে বোমা হামলার ষড়যন্ত্রে সহযোগিতার অভিযোগ থেকে তিন ব্রিটিশ নাগরিককে মঙ্গলবার অব্যাহতি দিয়েছে আদালত। ২০০৫ সালের সাত জুলাই লন্ডনে তিনটি পাতাল ট্রেন এবং একটি বাসে একযোগে ওই হামলা চালানো হয়। এতে ৫২ জন নিহত হয়েছিল। মোহাম্মাদ শাকিল, সাদির সেলিম ও ওয়াহেদ আলি নামের ওই তিন ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ ছিল, হামলার সম্ভাব্য লক্ষ্য নির্ধারণ করতে চার হামলাকারীর সঙ্গে তারা লন্ডনে ঘোরাঘুরি করেছে। কৌঁসুলিরা জানিয়েছেন, হামলাকারী চার যুবক মোহাম্মাদ সাদিক খান, শেহজাদ তানওয়ার, জার্মেইন লিন্ডসে এবং হাসিব হুসেইনের বন্ধু ছিল অভিযুক্তরা। এরা সাবই একসঙ্গে দক্ষিণ ইংল্যান্ডের বিসটন শহরের একটি মসজিদ এবং ব্যায়ামাগারে যায়। বোমা তৈরি এবং হামলার সঙ্গে অভিযুক্তরা সরাসরি জড়িত না থাকলেও গোয়েন্দাদের ধারণা ছিল, তারা হামলা পরিকল্পনায় সহযোগিতা করেছে। সাকিল, সেলিম এবং ওয়াহিদের মামলায় গত বছর রায় দিতে ব্যর্থ হয় একটি আদালত। তবে মঙ্গলবার লন্ডনের কিংস্টোন ক্রাউন কোর্ট সিদ্ধান্তে আসে যে, অভিযুক্তরা ষড়যন্ত্রে জড়িত ছিল না। তবে অপর একটি ষড়যন্ত্রের মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন সাকিল ও ওয়াহিদ। সন্ত্রাসীদের প্রশিক্ষণে ব্যবহৃত একটি জায়গায় গিয়েছিলেন তারা। কৌঁসুলিরা জানিয়েছেন, ২০০৭ সালের মার্চে পুলিশ যখন তাদের গ্রেপ্তার করে তখন তারা পাকিস্তানে একটি ক্যাম্পে যোগ দিতে যাওয়ার পরিকল্পনা করছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৮৪৩ ঘ.