২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলংকায় এলটিটিই'র যুদ্ধবিরতি ঘোষণা, সরকারের প্রত্যাখ্যান

শ্রীলংকার লিবারেশন টাইগার্স অব তামিল ইলম (এলটিটিই) রোববার একতরফা যুদ্ধবিরতি ঘোষণা করেছে। কয়েক কিলোমিটারের একটি ছোট এলাকায় কোনঠাসা অবস্থায় সেনাবাহনীর চূড়ান্ত অভিযানের মুখে তারা এ ঘোষণা দিয়েছে। কিন্তু সরকার এলটিটিই'র যুদ্ধবিরতি ঘোষণাকে 'কৌতুক' বলে প্রত্যাখ্যান করেছে এবং টাইগারদের আত্মসমর্পণই সেনাঅভিযান অবসানের একমাত্র পথ বলে জানিয়ে দিয়েছে। (আরও তথ্যসহ-১)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2009, 11:13 AM

Updated : 26 Aug 2022, 11:23 AM

কলম্বো, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - শ্রীলংকার লিবারেশন টাইগার্স অব তামিল ইলম (এলটিটিই) রোববার একতরফা যুদ্ধবিরতি ঘোষণা করেছে। কয়েক কিলোমিটারের একটি ছোট এলাকায় কোনঠাসা অবস্থায় সেনাবাহনীর চূড়ান্ত অভিযানের মুখে তারা এ ঘোষণা দিয়েছে। কিন্তু সরকার এলটিটিই'র যুদ্ধবিরতি ঘোষণাকে 'কৌতুক' বলে প্রত্যাখ্যান করেছে এবং টাইগারদের আত্মসমর্পণই সেনাঅভিযান অবসানের একমাত্র পথ বলে জানিয়ে দিয়েছে। (আরও তথ্যসহ-১) তামিল টাইগারদের এক বিবৃতিতে বলা হয়, "নজিরবিহীন মানবিক সংকটের মুখে এবং জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন ও ভারতসহ অন্যান্য সরকারের আহ্বানে সাড়া দিয়ে লিবারেশন টাইগার্স অব তামিল ইলম (এলটিটিই) একতরফা যুদ্ধবিরতি ঘোষণা করেছে।" এতে আরও বলা হয়, "এ ধরনের একটি যুদ্ধবিরতিই কেবল মানবিক সংকটের অবসান ঘটাতে পারে এবং এ অঞ্চল ও এর জনগণের ওপর সংকটের দীর্ঘমেয়াদী প্রভাব এড়াতে সহায়ক হতে পারে বলে আমরা দেখতে পাচ্ছি।" কিন্তু এ বিবৃতিতে এলটিটিই আত্মসমর্পণ করা কিংবা আটকে পড়া লোকজনদের মুক্তি দেওয়ার ব্যাপারে কোনও কিছুই উল্লেখ করেনি। সরকার এর জবাবে বলেছে, টাইগারদেরকে আত্মসমর্পণ করতে হবে, নয়ত ধ্বংস হতে হবে। টেলিফোনে রয়টার্সের সঙ্গে এক সাক্ষাৎকারে প্রতিরক্ষামন্ত্রী গোতাবয়া রাজাপাকসা সহাস্যে বলেন, "এটি কৌতুককর। তারা আমাদের সঙ্গে লড়াই করছে না। আমাদের কাছ থেকে পালাচ্ছে। যুদ্ধবিরতির কোনও প্রয়োজন নেই। তাদেরকে আত্মসমর্পণ করতে হবে-- এটাই কথা।" কিন্তু টাইগারররা ধরা পড়ার চেয়ে বরং সায়ানায়েড ক্যাপসুল খেয়ে আত্মহত্যা করবে-- এলটিটিই নেতা ভেলুপিল্লাই প্রভাকরণের এমন উক্তির মুখে গেরিলাদের আত্মসমর্পণ করার সম্ভাবনা নেই বলেই মনে করা হচ্ছে। তামিল টাইগারদের আত্মসমর্পণ এবং যুদ্ধ বন্ধের জন্য শ্রীলংকা সরকারের ওপর ক্রমবর্ধমান চাপের মুখে জাতিসংঘের মানবিক ত্রাণ সহায়তা বিষয়ক আন্ডার সেক্রেটারি-জেনারেল জন হোমস শনিবার কলোম্বো পৌঁছেছেন। সফরকালে যুদ্ধাঞ্চলে আটকা পড়া মানুষদের প্রাণরক্ষা করাটাকেই সর্বোচ্চ অগ্রধিকার দেবেন তিনি। । যুদ্ধাঞ্চল থেকে পালানো ১০৯,০০০ মানুষের পাশাপাশি ওই অঞ্চলে আটকে পড়াদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করার জন্য আন্তর্জাতিক চাপ বাড়ছে। ইইউ শনিবার এক বিবৃতিতে শ্রীলংকায় বেসামরিক নাগরিক হত্যার তীব্র নিন্দা জানিয়েছে এবং আরও বেশি প্রাণহানির ঘটনা এড়ানোর জন্য সংশ্লিষ্ট সব পক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছে। জাতিসংঘের হিসাবমতে, শ্রীলংকায় জানুয়ারির শেষ থেকে এ পর্যন্ত লড়াইয়ে নিহতের সংখ্যা প্রায় ৬ হাজার ৫০০। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৭১৭ ঘ.