কলোম্বো, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- যুদ্ধাঞ্চলে আটকে পড়া মানুষদের সুরক্ষায় শনিবার শীর্ষ মানবিক ত্রাণ কর্মকর্তাকে শ্রীলংকায় পাঠিয়েছে জাতিসংঘ। তামিল টাইগারদের আত্মসমর্পণ এবং যুদ্ধ বন্ধের জন্য শ্রীলংকা সরকারের ওপর ক্রমবর্ধমান চাপের মুখে জাতিসংঘের মানবিক ত্রাণ সহায়তা বিষয়ক আন্ডার সেক্রেটারি-জেনারেল জন হোমস এ সফরে গেলেন।
এক বিবৃতিতে হোমস জানান, সফরকালে যুদ্ধাঞ্চলে আটকা পড়া মানুষদের প্রাণরক্ষা করাটাকেই সর্বচ্চো অগ্রধিকার দেবেন তিনি। হোমস এর আগে ফেব্র"য়ারিতে ওই অঞ্চল সফর করেছেন।
যুদ্ধাঞ্চল থেকে পালানো ১০৯,০০০ মানুষের পাশাপাশি ওই অঞ্চলে আটকে পড়াদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করার জন্য আন্তর্জাতিক চাপ বাড়ছে।
ইইউ শনিবার এক বিবৃতিতে শ্রীলংকায় বেসামরিক নাগরিক হত্যার তীব্র নিন্দা জানিয়েছে এবং আরও বেশি প্রাণহানির ঘটনা এড়ানোর জন্য সংশ্লিষ্ট সব পক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছে।
জাতিসংঘের হিসাবমতে, শ্রীলংকায় জানুয়ারির শেষ থেকে এ পর্যন্ত লড়াইয়ে নিহতের সংখ্যা প্রায় ৬ হাজার ৫০০। লিবারেশন টাইগার্স অব তামিল ইলম (এলটিটিই) আত্মসমর্পণ না করে লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছে। ওদিকে, সরকারও লড়াইয়ে কোনওরকম বিরতি দেওয়ার আহ্বান প্রত্যাখ্যান করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৫৪৫ ঘ.
bdnews24