তেহরান, এপ্রিল ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরাকে গত সপ্তাহের বোমা হামলার জন্য মার্কিন বাহিনীকে দায়ী করেছেন ইরানের শীর্ষ আধ্যাত্মিক নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। ওই হামলায় অনেক ইরানি পূর্ণার্থী নিহত হয়েছিল।
ইরাকে গত বৃহস্পতি ও শুক্রবারের বোমা হামলা সম্পর্কে খামেনি বলেন, "ওই হামলা এবং এ ধরণের আরও হামলার জন্য মার্কিন বাহিনীই মূল সন্দেহভাজন।" শনিবার এক বিবৃতিতে তিনি একথা বলেন।
তিনি বলেন, "শয়তানের হাতে পড়ে ইরাকে সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে।"
গত বৃহস্পতিবার ইরাকের উত্তর-পূর্বাঞ্চলীয় দিয়ালা প্রদেশে আত্মঘাতী বোমা হামলায় নিহত হয় ৫৭ জন। এদের অধিকাংশ ইরানি।
একদিন পর শুক্রবার বাগদাদের কাছাকাছি একটি শিয়া মাজারে দুই নারী আত্মঘাতীর বোমা হামলায় নিহত হয় ৬০ জন। নিহত ও আহতদের অধিকাংশ ইরানি পূর্ণার্থী।
ইরানের সঙ্গে তিন দশকের বৈরিতা অবসানে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রচেষ্টা সত্ত্বেও খামেনির এই মন্তব্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের গভীর অবিশ্বাসের বিষয়টি স্পষ্ট হয়ে উঠেছে।
ইরান প্রায়ই অভিযোগ করে থাকে মার্কিন সেনার উপস্থিতির কারণে প্রতিবেশী ইরাকে অস্থিতিশীলতা বাড়ছে। তবে যুক্তরাষ্ট্রের অভিযোগ, ইরাকের শিয়া জঙ্গিদের মদদ দিচ্ছে ইরান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/২১১৫ ঘ.
bdnews24