প্রিটোরিয়া, এপ্রিল ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- দক্ষিণ আফ্রিকা নির্বাচনে বিশাল জয়ের পর আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস বা এএনসি নেতা জ্যাকব জুমা প্রতিশ্র"তি দিয়েছেন, বিশ্ব আর্থিক মন্দার মধ্যে দেশের স্থিতিশীলতা নিশ্চিত করতে প্রেসিডেন্ট হিসেবে তিনি ইউনিয়নগুলোসহ ব্যবসায়ীদের সঙ্গে কাজ করে যাবেন।
আগামী ৯ মে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন জুমা। নতুন প্রশাসনের মন্ত্রিসভায় কে কোথায় স্থান পেতে পারে এ নিয়ে ইতোমধ্যে আলাপ-আলোচনা শুরু হয়ে গেছে।
তবে বিজয় ভাষণে জুমা বলেছেন, "পরবর্তী প্রশাসনের কর্মপন্থায় অবাক হওয়ার মতো কিছু থাকবে না।"
জুমা তার ভাষণে, ব্যবসায়ী এবং তার বাম মিত্রদের স্বার্থ বজায় রাখার ওপরে জোর দেন। দুর্নীতির বিরুদ্ধে অভিযোগ কাটিয়ে আজকের অবস্থানে আসার জন্য জুমার গত আট বছরের রাজনৈতিক লড়াইয়ে সহযোগিতা করেছে বাম মিত্ররা।
জুমা বলেন, "বিশ্ব অর্থনৈতিক সংকটের প্রভাব নিয়ে আমরা উদ্বিগ্ন। এই সংকট মোকাবেলার পথ খুঁজতে এবং চাকরি হারানো এবং অন্যান্য সমস্যা থেকে আমাদের জনগণকে রক্ষা করতে সংশ্লিষ্ট সবার সঙ্গে বিশেষ করে ব্যবসায়ী এবং শ্রমিকদের সঙ্গে কাজ করে যাব আমরা।"
এএনসি দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় হতাশ হননি বলে জানান জুমা। একই সঙ্গে সব ধরনের বিভেদ ভুলে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
"এখন সময় এসেছে সবকিছু পেছনে ফেলে এগিয়ে যাওয়ার। আমাদের অবশ্যই দেশকে এমন অবস্থানে নিয়ে যেতে হবে যেখানে দাঁড়িয়ে আমরা আবার দাবি করতে পারব দক্ষিণ আফ্রিকা একটি সমৃদ্ধ দেশ। যারা সব সমস্যা কাটিয়ে উঠতে পারে এবং যারা গোষ্ঠীগত ও দলীয় স্বার্থের উর্ধ্বে দেশকে স্থান দিতে সক্ষম।"
গত বুধবার অনুষ্ঠিত চতুর্থ সাধারণ নির্বাচনে এএনসি ৬৫ দশমিক ৯ শতাংশ ভোট পেয়েছে। তবে এ বিশাল জয় সত্ত্বেও তারা অল্পের জন্য পার্লামেন্ট দুই-তৃতীয়াংশ সংখ্যাগারিষ্ঠতা পায়নি। এ জন্য দরকার ছিল ৬৬ দশমিক ৭ শতাংশ ভোট।
১৯৯৪ সালে বর্ণবাদের অবসানের পর গত ১৫ বছরের মধ্যে এবারই মূলত এএনসিকে বিরোধীদের কিছুটা চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছে। ওয়েস্টার্ন কেপ প্রদেশ এবার তাদের হাতছাড়া হয়ে গেছে।
এএনসির দলছুট নেতাদের নবগঠিত দল কংগ্রেস অব 'দ্য পিপল' বা কোপ খুব একটা ভাল করতে পারেনি, তারা পেয়েছে ৭ দশমিক ৪ শতাংশের কিছু বেশী ভোট।
এএনসির নিকটতম প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাটিক অ্যালায়েন্সের (ডিএ) প্রাপ্ত ভোটের পরিমাণ ১৬ দশমিক ৫ শতাংশের সামান্য বেশি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৯০৪ ঘ.
bdnews24