২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলংকায় যুদ্ধবিরতির আহ্বান যুক্তরাষ্ট্রের

অবিলম্বে যুদ্ধ থামিয়ে বেসামরিক লোকজনকে সরিয়ে নেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য শ্রীলংকার সরকার ও তামিল টাইগারদের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রের ওবামা প্রশাসন। হোয়াইট হাউস শুক্রবার এক বিবৃতিতে একথা জানায়। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2009, 06:39 AM

Updated : 26 Aug 2022, 11:22 AM

ওয়াশিংটন, এপ্রিল ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - অবিলম্বে যুদ্ধ থামিয়ে বেসামরিক লোকজনকে সরিয়ে নেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য শ্রীলংকার সরকার ও তামিল টাইগারদের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রের ওবামা প্রশাসন। হোয়াইট হাউস শুক্রবার এক বিবৃতিতে একথা জানায়। যুদ্ধবিরতির জন্যে ভারত ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জোরালো আহ্বানের পরপরই যুক্তরাষ্ট্র এ আহ্বান জানাল। হোয়াইট হাউস এক বিবৃতিতে জানায়, "শ্রীলংকায় সরকার ও তামিল টাইগারদের মধ্যে সংঘাতে আটকে পড়া নিরাপরাধ বেসামরিক লোকজনের দুর্দশা এবং মৃত্যুর সংখ্যা ক্রমাগত বাড়তে থাকায় যুক্তরাষ্ট্র গভীরভাবে উদ্বিগ্ন।" বিবৃতিতে বলা হয়, "অবিলম্বে লড়াই বন্ধ করে বেসামরিক লোকদের নিরাপদে যুদ্ধাঞ্চল ছেড়ে যাওয়ার সুযোগ করে দিতে উভয় পক্ষের প্রতিই আহ্বান জানাচ্ছি আমরা।" শ্রীলংকার সেনাবাহিনী জানিয়েছে, সোমবার থেকে এ পর্যন্ত ১ লাখ ৮ হাজারেরও বেশি বেসামরিক লোক বিদ্রোহীদের নিয়ন্ত্রিত এলাকা থেকে পালিয়ে এসেছে। সেনাদের অগ্রগতি রুখতে টাইগারদের তৈরি একটি মাটির প্রাচীর সোমবার ভেঙে ফেলে সেনারা বিদ্রোহী এলাকার আরও গভীরে ঢুকে পড়ে । সেই সুযোগে হাজার হাজার বেসামরিক লোক সেখান থেকে পালিয়ে আসে। শ্রীলংকার সেনাঅভিযান চূড়ান্ত পর্যায়ে পৌঁছানোর পর প্রায় সপ্তাহখানেক ধরেই ব্যাপক কূটনৈতিক চাপ বাড়ছে যুদ্ধবিরতির জন্য। শক্তিশালী প্রতিবেশী ভারত থেকে শুরু করে বেশ কয়েকটি পশ্চিমা দেশ অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে। বেসামরিক লোকদের রক্ষায় এবং ক্ষয়ক্ষতি কমাতে অনেকে এলটিটিই-কে দ্রুত আত্মসমর্পণেরও আহ্বান জানিয়েছে। যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদও। একইসঙ্গে সেখানে ত্রাণ দল পাঠানোর কথা বলেছে বিশ্বসংস্থাটি। হোয়াইট হাউসের বিবৃতিতে বলা হয়, "অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত লোকরা যেসব স্থানে আশ্রয় নিয়েছে এবং যেখানে তাদের নিবন্ধিত করা হচ্ছে সেরকম সব স্থানে আন্তর্জাতিক ত্রাণকর্মীদের প্রবেশের সুযোগ দিতে হবে।" এতে আরও বলা হয়, "যেসব বেসামরিক লোকের কাছে পৌঁছানো সম্ভব হচ্ছে তাদের সহায়তা করার জন্য আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে কাজ করছে যুক্তরাষ্ট্র।" শ্রীলংকায় উভয় পক্ষের প্রতি "আন্তর্জাতিক মানবাধিকার আইন মেনে চলার বিষয়ে তাদের বাধ্যবাধকতা মানার জন্য" আহ্বান জানায় হোয়াইট হাউস। বিবৃতিতে বলা হয়, "আইন লঙ্ঘনের খবরে আমরা খুবই উদ্বিগ্ন এবং এসব অভিযোগকে আমরা খুবই গুরুত্বের সঙ্গে নিচ্ছি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এমএইচবি/১৩৪৬ ঘ.