মুম্বাই, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মুম্বাই হামলায় একমাত্র জীবিত বন্দুকধারী আজমল কাসাবের বয়স নির্ণয়ে ডাক্তারি পরীক্ষার নির্দেশ দিয়েছে আদালত।
কাসাবের আইনজীবী আব্বাস কাজমি আদালতে দাবি করেছেন, গত বছরের ২৬ নভেম্বর মুম্বাই হামলার সময় কাসাবের বয়স ১৭ বছরও পূর্ণ হয়নি।
রাষ্ট্রপক্ষ দাবি করেছে, পুলিশ এবং জেল কর্তৃপক্ষের কাছে কাসাব স্বীকার করেছেন ১৯৮৭ সালে তার জন্ম।
তবে কাজমি জানিয়েছেন, জোর করে কাসাবের স্বীকারোক্তি আদায় করা হয়েছিল।
মুম্বাইয়ের আর্থার রোডের কারাগারের ভেতর বিশেষ ব্যবস্থায় বসানো আদালতের বাইরে কাজমি সাংবাদিকদের বলেন, "কাসাবের বয়স নির্ণয়ে ডাক্তারি ও দাত পরীক্ষার নির্দেশ দিয়েছেন বিচারক থালিয়ানি।"
দু'এক দিনের মধ্যে পরীক্ষা সম্পন্ন হবে বলে তিনি জানান।
কাজমি বলেন, "গ্রেপ্তারের পর কাসাবকে যে চিকিৎসা কর্মকর্তার কাছে নিয়ে যাওয়া হয়েছিল তার এবং এক কারাকর্মকর্তার দেওয়া সাক্ষ্য পাল্টাপাল্টি যাচাই করে দেখবে আদালত।"
কাসাবের বয়স কম হওয়ায় কিশোর আদালতে তার বিচার করা উচিত বলে কাজমির আবেদন গত সপ্তাহে খারিজ করে দেন বিচারক থালিয়ানি। তবে একই সঙ্গে তিনি জানিয়েছিলেন, পরবর্তী শুনানির দিন বিষয়টি বিবেচনা করা হতে পারে।
ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইতে গত ২৬ নভেম্বরের হামলায় নিহত হয়েছিল ১৬৬ জন। হামলায় অংশ নেয়া দশ বন্দুকধারী মধ্যে জীবিত অবস্থায় একমাত্র কাসাবকে আটক করতে পারে নিরাপত্তাবাহিনী।
ভারতের বিরুদ্ধে যুদ্ধের অভিযোগ এনে কাসাবের বিচার করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এমএইচবি/২১২২ ঘ.
bdnews24