২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিজয় উৎসব করছে এএনসি, চাপ বাড়ছে জুমার

দক্ষিণ আফ্রিকায় বুধবারের সাধারণ নির্বাচনের ফলাফলে ক্ষমতাসীন আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস (এএনসি) বড় ব্যবধানে এগিয়ে থাকায় উৎসব করছে দলের কর্মী-সমর্থকরা। এএনসি'র এই জয়ের ফলে দেশের প্রেসিডেন্ট হতে চলেছেন তাদের নেতা জ্যকব জুমা। তবে ক্ষমতা নেওয়ার পরপরই দুর্বল অর্থনীতি এবং গরিবদের জীবনমানের উন্নয়নের জন্য তাকে বেশ চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2009, 01:55 PM

Updated : 26 Aug 2022, 11:22 AM

জোহানেসবার্গ, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- দক্ষিণ আফ্রিকায় বুধবারের সাধারণ নির্বাচনের ফলাফলে ক্ষমতাসীন আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস (এএনসি) বড় ব্যবধানে এগিয়ে থাকায় উৎসব করছে দলের কর্মী-সমর্থকরা। এএনসি'র এই জয়ের ফলে দেশের প্রেসিডেন্ট হতে চলেছেন তাদের নেতা জ্যকব জুমা। তবে ক্ষমতা নেওয়ার পরপরই দুর্বল অর্থনীতি এবং গরিবদের জীবনমানের উন্নয়নের জন্য তাকে বেশ চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। ভোট গণনার সর্বশেষ ফলাফলে ৬৭ শতাংশ ভোট পেয়েছে এএনসি। দলটি সংবিধান সংশোধনের জন্য প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পেতে চলেছে বলে মনে করা হচ্ছে। ১৯৯৪ সালে বর্ণবাদের অবসানের পর গত ১৫ বছরের মধ্যে এবারই মূলত এএনসিকে বিরোধীদের কিছুটা চ্যালেঞ্জের সম্মুখিন হতে হয়েছে। এএনসির দলছুট নেতাদের নবগঠিত দল কংগ্রেস অব দ্য পিপল বা কোপ মোটেও ভাল করতে পারেনি, পেয়েছে মাত্র আট শতাংশ ভোট। তবে ২০০৪ সালের তুলনায় এনএনসি এবার ব্যাপক গণরায় পাচ্ছে না। ২০০৪ সালে তারা পেয়েছিল ৭০ শতাংশ ভোট। এছাড়া এবার ওয়েস্টার্ন কেপ প্রদেশ তাদের হাতছাড়া হয়ে গেছে। এএনসি'র প্রধান প্রতিপক্ষ ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স বা ডিএ পেয়েছে মাত্র ১৭ শতাংশ ভোট। চূড়ান্ত আনুষ্ঠানিক ফল পেতে আরও কয়েকদিন লেগে যেতে পারে। আগামী মাসের প্রথম দিকেই জুমা প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে পারেন। রাজনৈতিক ভাষ্যকার উইলিয়াম গুমেদি বলেন, "দক্ষিণ আফ্রিকার সংখ্যাগরিষ্ঠ দরিদ্র কৃষ্ণাঙ্গদের কাছে আমূল পরিবর্তনের ইঙ্গিত হয়ে দেখা দিয়েছেন জুমা। সমাজের উঁচু শ্রেণীর কাছ থেকে অবহেলা পেয়ে দরিদ্রদের ধৈর্য এখন শেষ সীমায় এসে পৌঁছেছে এবং গণতান্ত্রিক শাসনের সুফল তারা এখন দাবি করছে।" "অতীতের এএনসি সরকারগুলো মতো এবারের সরকার ক্ষমতার মধুচন্দ্রিমাকাল উদযাপনের সুযোগ হয়তো পাবে না। গরিবদের জন্য জুমা কিছু করতে ব্যর্থ হলে, তাদের বিরোধিতার মুখে পড়বেন তিনি।" জুমার বিরুদ্ধে তোলা দুর্নীতির অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে রাষ্ট্রীয় কৌঁসুলি রায় দেওয়ার নির্বাচনের দুই সপ্তাহ আগে অভিযোগ তুলে নেয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এমএইচবি/১৯৩০ ঘ.