২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলংকায় মানবিক ত্রাণ সহায়তা দল পাঠাবে জাতিসংঘ

শ্রীলংকার যুদ্ধাঞ্চলে আটকে পড়া মানুষদের জন্য জাতিসংঘ মানবিক ত্রাণ সহায়তা দল পাঠাচ্ছে। জাতিসংঘের মহাসচিব বান কি মুন বৃহস্পতিবার একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2009, 11:07 AM

Updated : 26 Aug 2022, 11:22 AM

কলোম্বো, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- শ্রীলংকার যুদ্ধাঞ্চলে আটকে পড়া মানুষদের জন্য জাতিসংঘ মানবিক ত্রাণ সহায়তা দল পাঠাচ্ছে। জাতিসংঘের মহাসচিব বান কি মুন বৃহস্পতিবার একথা জানিয়েছেন। যুদ্ধাঞ্চল থেকে সেনা নিয়ন্ত্রিত এলাকায় পালিয়ে আসা মানুষের ঢল কমে এসেছে--- শ্রীলংকার সেনাবাহিনী একথা বলার পর বান সেখানে মানবিক ত্রাণ সহায়তা দল পাঠানোর ওই সিদ্ধান্ত জানালেন। গত সোমবার থেকে যুদ্ধাঞ্চল ছেড়ে এসেছে ১ লাখেরও বেশি মানুষ। বাদবাকী যারা এখনও যুদ্ধাঞ্চলে আটকা পড়ে আছে তাদের নিরাপত্তার কথা ভেবে জাতিসংঘ বুধবার লিবারেশন টাইগার্স অব তামিল ইলম (এলটিটিই) কে আত্মসমর্পণ করার এবং সরকারকে লড়াইয়ে বিরতি দেওয়ার আহ্বান জানিয়েছে। ব্রাসেলসে এক সাংবাদিক সম্মেলনে বান বলেন, "বহু প্রাণ ঝরে গেছে। সময় নষ্ট করার সময় আর নেই।" তিনি আরও বলেন, "পরিস্থিতির দ্রুত অবনতির মুখে তিনি অবিলম্বে যুদ্ধাঞ্চলে মানবিক ত্রাণ সহায়তা দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন। এই দল প্রথমেই পরিস্থিতি পর্যবেক্ষণ করবে এবং মানবিক সাহায্য-সহযোগিতা দেবে। সেইসঙ্গে বেসামরিক লোকজনদেরকে রক্ষায় যথাসম্ভব সবকিছু করারও চেষ্টা নেবে তারা।" এ কাজে বান শ্রীলংকা সরকারকে সহযোগিতা করার আহ্বান জানান। শ্রীলংকার দুর্যোগ ব্যবস্থাপনা ও মানবাধিকার বিষয়ক মন্ত্রী মাহিন্দা সামারাসিঙ্গে বলেছেন, "জাতিসংঘ এ ব্যাপারে তাদেরকে আনুষ্ঠানিক কোনও অনুরোধ জানায়নি।" তিনি বলেন, "আমাদেরকে জানানো হলে তাদেরকে কিভাবে সাহায্য করা যায় সেটি আমরা অবশ্যই দেখব।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭০৬ ঘ.