পাকিস্তান, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পাকিস্তানের এক তালেবান কমান্ডার তার লোকজনদের 'বুনার' জেলা থেকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছেন। এক তালেবান মুখপাত্র শুক্রবার একথা জানিয়েছেন।
জঙ্গিদের অগ্রযাত্রা নিয়ে ওয়াশিংটন ও ইসলামাবাদের ক্রমবর্ধমান বিপদসঙ্কেতের মুখে তালেবানদের পক্ষ থেকে এ ঘোষণা এল।
তালেবান মুখপাত্র মুসলিম খান জানান, "ইসলামাবাদের ১০০ কিলোমিটার দূরের বুনার জেলায় ১০০ তালেবান যোদ্ধা রয়েছে।"
রয়টার্সকে তিনি বলেন, "আমাদের নেতা অবিলম্বে বুনার থেকে তালেবানদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছেন।"
মুসলিম খান সোয়াত উপত্যকায় ঘাঁটি গাড়া তালেবান কমাণ্ডার ফজলুল্লাহর নেতৃত্বাধীন দলের মুখপাত্র। পাকিস্তান সরকার ওই উপত্যকায় তালেবানদের দাবি মেনে ইসলামিক শরিয়া আইন অনুমোদন করেছে।
মুসলিম খান জানান, তালেবান যোদ্ধাদেরকে বুনার জেলা খালি করার বার্তা পৌঁছে দিতে সরকার ও তালেবান প্রতিনিধিরাসহ এক মুসলিম ধর্মীয় নেতা ওই জেলায় যাচ্ছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৫০৫ ঘ.
bdnews24