প্রিটোরিয়া, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- দক্ষিণ আফ্রিকায় বুধবারের সাধারণ নির্বাচনে ক্ষমতাসীন আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস (এএনসি) জয়ের দিকে এগিয়ে যাচ্ছে। প্রাথমিক গণনায় ৬০ শতাংশ ভোট পেয়েছে জ্যাকব জুমার এএনসি।
এই জয়ের ফলে বিশ্ব মন্দার মুখে আফ্রিকা মহাদেশের বৃহত্তম অর্থনীতির দেশটি ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হতে চলেছে জ্যাকব জুমার। নির্বাচনের আগে দেওয়া নানা পূর্বাভাসে বলা হয়েছিল, এএনসি থেকে বের হয়ে নেতাদের একটি অংশের গঠন করা কংগ্রেস অফ দ্য পিপল (কোপ) পার্টি এই নির্বাচনে ক্ষমতাসীন দলকে কঠিন পরীক্ষায় ফেলবে। কিন্তু এ পূর্বাভাস অনেকটা ভুল প্রমাণ করে এনএনসি ভালোভাবেই জয়ের পথে রয়েছে।
তবে ১৯৯৪ সালে দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদের অবসানের পর এবারের নির্বাচনেই এএনসি বিরোধীদলগুলোর বড়ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে।
প্রাথমিক গণনায় কোপ পেয়েছে ৭ দশমিক ৬ শতাংশ ভোট। এএনসির প্রতি সবচে বড় চ্যালেঞ্জটি দাঁড় করিয়েছে একজন শ্বেতাঙ্গ মহিলার নেতৃত্বাধীন ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স। তারা পেয়েছে ২১ দশমিক ৪ শতাংশ ভোট।
নির্বাচনের চূড়ান্ত ফলাফল শুক্রবারের আগে পাওয়া যাবে না।
পূর্বাভাসে অবশ্য বলা হয়েছিল, নির্বাচনে এএনসিই জয়লাভ করবে, তবে দলটি দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পাবে না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৬০৭ ঘ.
bdnews24