২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রেনটি ছেড়ে পালিয়েছে মাওবাদীরা

ঝাড়খন্ডে বুধবার ছিনতাই করা যাত্রীবাহী ট্রেনটি থেকে মাওবাদী গেরিলারা পালিয়ে গেছে বলে জানিয়েছে ভারতীয় পুলিশ ও কর্মকর্তারা। দেশটির সাধারণ নির্বাচনের দ্বিতীয় পর্বের ভোটের একদিন আগে এ ঘটনা ঘটল। মাওবাদীরা এ নির্বাচন বয়কটের ঘোষণা দেওয়ার পাশাপাশি জনগণকেও নির্বাচন বর্জনের আহ্বান জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2009, 07:05 AM

Updated : 26 Aug 2022, 11:22 AM

রাঁচি, ভারত, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ঝাড়খন্ডে বুধবার ছিনতাই করা যাত্রীবাহী ট্রেনটি থেকে মাওবাদী গেরিলারা পালিয়ে গেছে বলে জানিয়েছে ভারতীয় পুলিশ ও কর্মকর্তারা। দেশটির সাধারণ নির্বাচনের দ্বিতীয় পর্বের ভোটের একদিন আগে এ ঘটনা ঘটল। মাওবাদীরা এ নির্বাচন বয়কটের ঘোষণা দেওয়ার পাশাপাশি জনগণকেও নির্বাচন বর্জনের আহ্বান জানিয়েছে। মাওবাদীরা তাদের শক্তি প্রদর্শনের জন্য বৃহস্পতিবার অনুষ্ঠেয় দ্বিতীয় পর্বের ভোটের প্রাক্কালে অল্প সময়ের জন্য প্রায় পাঁচশ' যাত্রীসহ ওই ট্রেনটি ছিনতাই করে বলে ধারণা করা হচ্ছে। ট্রেনটি ঝাড়খন্ড দিয়ে যাওয়ার সময় প্রায় ২০০ গেরিলা সেটিতে উঠে পড়ে। এরপর তারা চালককে রাজ্যের রাজধানী রাঁচির ১০০ মাইল পশ্চিমে মাওবাদীদের শক্ত ঘাঁটি লাতিহার জেলার প্রত্যন্ত এলাকায় নিয়ে যেতে বাধ্য করে। এর কিছু সময় পর তারা ট্রেনটি থেকে নেমে জঙ্গলে পালিয়ে যায়। ঝাড়খন্ডের একজন স্থানীয় সরকারি কর্মকর্তা সারভেন্দু তথাগত রয়টার্সকে বলেন, "যাত্রীদের নিরাপদে উদ্ধার করা হয়েছে। তারা (গেরিলারা) ট্রেনটি ছেড়ে জঙ্গলে পালিয়ে গেছে।" মাওবাদীরা তাদের শক্তি প্রদর্শনের লক্ষ্যে এর আগেও বেশ কয়েকবার ট্রেন ছিনতাই করেছে। তবে অধিকাংশ সময়ই তারা ছিনতাইয়ের কয়েক ঘণ্টার মধ্যেই ট্রেন ছেড়ে পালিয়ে গেছে। ২০০৬ সালে একবার লাতিহারে ২০০ যাত্রীসহ একটি ট্রেন ছিনতাই করে মাওবাদীরা। তখন একরাত যাত্রীদের আটকে রাখার পর তাদেরকে অক্ষত অবস্থায় ছেড়ে দেয় তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এজে/জিএনএ/১৪০০ ঘ.