পাজু, দক্ষিণ কোরিয়া, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পিয়ংইয়ংয়ের ইয়ংবিয়ন পরমাণু স্থাপনা পুনরায় চালু করাকে কেন্দ্র করে উত্তেজনার মধ্যে মঙ্গলবার কায়েসং শিল্পপার্ক নিয়ে উত্তর ও দক্ষিণ কেরিয়ার প্রতিনিধিদের বিরল বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে। তবে সংক্ষিপ্ত এ বৈঠকের বিস্তারিত তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
আলোচনায় অংশ নিতে মঙ্গলবার উত্তর কোরিয়ায় পৌঁছায় দক্ষিণ কোরিয়ার প্রতিনিধিরা। কিন্তু বৈঠকের স্থান ও আলোচ্যসূচি নিয়ে দুপক্ষে মতৈক্য না হওয়ায় আলোচনার সম্ভাবনা ম্রিয়মান হয়ে পড়ে।
অবশেষে সংক্ষিপ্ত ওই বৈঠকটি হয় প্রায় ১২ ঘন্টা দেরীতে। দক্ষিণ কোরিয়ার ৯ সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে উত্তর কোরিয়ার প্রতিনিধিদলের এই বৈঠক শেষ হয় আধঘন্টারও কম সময়ের মধ্যে। সরকারি কর্মকর্তারা সাংবাদিকদের একথা জানিয়েছেন।
সীমান্তে যৌথ কায়েসং শিল্পপার্ক নিয়ে উত্তর কোরিয়ার আলোচনা প্রস্তাবে গত রোববার রাজি হয় দক্ষিণ কোরিয়া।
দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা বৈঠক সম্পর্কে বিস্তারিত তেমন কিছু জানান নি। তবে কায়েসং শিল্প কারখানায় প্রায় একমাস ধরে আটক এক দক্ষিণ কোরীয় কর্মীকে মুক্ত করার চেষ্টা করছে সউল।
দক্ষিণ কোরিয়ার পুনরেকত্রীকরণ মন্ত্রণালয়ের মুখপাত্র এর আগে রয়টার্সকে জানিয়েছিলেন, দক্ষিণ কোরিয়ার ৯ সদস্যের একটি প্রতিনিধিদল উত্তর কোরিয়ায় গেলেও তারা পিয়ংইয়ং এর প্রতিনিধিদের আলোচনায় বসতে পারেননি। কারণ, আলোচনার স্থান এবং আলোচ্যসূচি নিয়ে দুপক্ষ সিদ্ধান্তে পৌঁছেনি।
দুপক্ষ কোনও সিদ্ধান্তে পৌঁছতে না পারলে তারা আবার বুধবারে বৈঠকের চেষ্টা করতে পারে বলে জানিয়েছিলেন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা।
উত্তর কোরিয়া ইয়ংবিয়ন পরমাণু স্থপনা পুনরায় চালু করার ঘোষণা দিয়ে জাতিসংঘ পরমাণু অস্ত্র পরিদর্শকদের দেশ থেকে বের করে দেওয়ার পর শিল্পপার্ক নিয়ে আলোচনার ওই পদক্ষেপ নিয়েছে।
দুই কোরিয়ার পুনরেকত্রীকরণ মন্ত্রণালয়ের মুখপাত্র লি জং জু গত রোববার জানান, উত্তর কোরিয়া কায়েসং এ দক্ষিণ কোরিয়ার এক কর্মীকে কয়েক সপ্তাহ ধরে আটকে রেখেছে। জু বলেন, "আমরা দক্ষিণ কোরিয়দের নিরাপত্তার বিষয়টিসহ কায়েসং শিল্পপার্কের উন্নয়নকে অগ্রধিকার দিচ্ছি।"
দুই কোরিয়ার মধ্যে একসময়কার ভবিষ্যৎ অর্থনৈতিক সহযোগিতার মডেল হিসাবে প্রসংশিত কায়েসং ল্পিপার্ক নিয়ে গত কয়েকমাসে সংঘাতে জড়িয়েছে উত্তর ও দক্ষিণ কোরিয়া।
উত্তর কোরিয়া কায়েসং থেকে দক্ষিণ কোরিয়ার কর্মকর্তাদের বহিস্কার করাসহ ওই কারখানার কাজে বাধা দেওয়াসহ কারখানাটির এক দক্ষিণ কোরীয় কর্মীকে আটকে রেখেছে। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, ওই কর্মী উত্তর কোরিয়ার রাজনৈতিক ব্যবস্থা নিয়ে বিরূপ মন্তব্য করায় পিয়ংইয়ং ক্ষুব্ধ।
দক্ষিণ কোরিয়ার পুনরেকত্রীকরণ মন্ত্রণালয় জানায়, দক্ষিণ কোরিয়ার সঙ্গে অনেক বিষয়েই আলোচনা বন্ধ করে দেওয়া উত্তর কোরিয়া শনিবার কায়েসং শিল্পপার্ক নিয়ে আলোচনার অনুরোধ জানায়।
দক্ষিণের উত্তর কোরিয়া বিষয়ক বিশেষজ্ঞ ইয়ুন দুক-মিন বলেছেন, দক্ষিণ কোরিয় কর্মীকে মুক্ত করার আশা নিয়েই দক্ষিণ কোরিয়া পিয়ংইয়ং এর আলোচনা প্রস্তাবে রাজি হয়েছে। কারণ, উত্তর কোরিয়া হঠাৎ করে বোমা ফেলে বলতে পারে যে, তারা কায়েসং শিল্পপার্ক বন্ধ করে দিতে চায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১০৪ ঘ.
bdnews24