মস্কো, এপ্রিল ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- রাশিয়ার প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ শুক্রবার ন্যাটোকে সতর্ক করে দিয়ে বলেছেন, জর্জিয়ায় সামরিক মহড়ার নামে পশ্চিমা বিশ্বের পেশিশক্তির প্রদর্শন রাশিয়ার সঙ্গে তাদের সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টা বাধাগ্রস্ত করতে পারে।
ন্যাটো জানিয়েছে, আগামী ৬ মে থেকে ১ জুন পর্যন্ত পরিকল্পিত মহড়ায় ১৯টি দেশের এক হাজার তিনশ' সেনা অংশ নেবে।
মস্কোর বাইরে প্রেসিডেন্টের সরকারি বাসভবনে সাংবাদিকদের মেদভেদেভ বলেন, "এটা একটা ভুল ও ভয়ঙ্কর সিদ্ধান্ত।"
"পেশিশক্তি প্রদর্শনের লক্ষ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটা হতাশাজনক এবং এতে করে রাশিয়া ও ন্যাটোর মধ্যে পুরোমাত্রায় সম্পর্ক শুরু করা সহজ হবে না।"
মেদভেদেভ বলেন, "মহড়ায় কী ঘটে আমরা তা লক্ষ রাখব এবং প্রয়োজন হলে অবশ্যই সিদ্ধান্ত নেব।"
জর্জিয়ার স্বাধীনতাকামী অঞ্চল সাউথ ওসেটিয়ার নিয়ন্ত্রণ নিতে জর্জিয়া গত আগস্টে সেখানে সেনা পাঠালে পাল্টা ব্যবস্থা হিসেবে মেনা মোতায়েন করে রাশিয়া। এরপর জর্জিয়া এবং রাশিয়ার বাহিনীর মধ্যে সেখানে একটি সংক্ষিপ্ত যুদ্ধ হয়। জর্জিয়ার বাহিনীকে হটিয়ে দেয় রুশ বাহিনী।
এরপরেই আন্তর্জাতিক মহলের সমালোচনা উপেক্ষা করে সাউথ ওসেটিয়া এবং আরেকটি স্বাধীনতাকামী অঞ্চল আবখাজিয়াকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় রাশিয়া। তখন থেকেই রাশিয়া ও জর্জিয়ার মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।
ওই ঘটনার পর রাশিয়ার সঙ্গে আনুষ্ঠানিক সম্পর্ক ছিন্ন করে ন্যাটো। তবে চলতি বছরের প্রথম দিকে তারা আবার সম্পর্ক স্বাভাবিক করতে রাজি হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এমএইচবি/২২০৫ ঘ.
bdnews24