২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারে যোগ দেব না: নওয়াজ শরীফ

মন্ত্রিপরিষদে পুনরায় যোগ দিতে সরকারের প্রস্তাব বৃহস্পতিবার ফিরিয়ে দিয়েছেন পাকিস্তানের বিরোধীদলীয় নেতা নওয়াজ শরীফ। তবে তিনি জানিয়েছেন, জঙ্গিবাদবিরোধী লড়াই এবং অর্থনীতি পুনরুদ্ধারে সরকারকে সমর্থন দিয়ে যাবে তার দল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2009, 02:46 PM

Updated : 26 Aug 2022, 11:20 AM

ইসলামাবাদ, এপ্রিল ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মন্ত্রিপরিষদে পুনরায় যোগ দিতে সরকারের প্রস্তাব বৃহস্পতিবার ফিরিয়ে দিয়েছেন পাকিস্তানের বিরোধীদলীয় নেতা নওয়াজ শরীফ। তবে তিনি জানিয়েছেন, জঙ্গিবাদবিরোধী লড়াই এবং অর্থনীতি পুনরুদ্ধারে সরকারকে সমর্থন দিয়ে যাবে তার দল। জোট সরকারে ফিরে আসার জন্য গত সপ্তাহে নওয়াজকে আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি। প্রধান বিচারপতি ইফতিখার চৌধুরীসহ চাকরিচ্যুত বিচারকদের পুর্নবহাল ইস্যুতে ক্ষমতাসীন দল পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) সঙ্গে বিরোধের জের ধরে গত বছর সরকার থেকে বেরিয়ে গিয়েছিল নওয়াজের দল পাকিস্তান মুসলিম লীগ (নওয়াজ)। বৃহস্পতিবার দলীয় নেতাদের সঙ্গে বৈঠকের পর নওয়াজ সাংবাদিকদের জানান, তার দল সরকারকে সমর্থন দিয়ে যাবে। তবে সরকারে যোগ দেবে না। তিনি বলেন, "সরকারের অংশ না হয়ে বা মন্ত্রিপরিষদে যোগ না দিয়ে আমরা সরকারকে সমর্থন দিয়ে যাব, যেমন সহযোগিতা তারা পাচ্ছে নিজেদের সদস্যদের কাছ থেকে।" ইফতিখার চৌধুরীকে পুনর্বহালে বিরোধীদের দাবি গত মাসে সরকার মেনে নেওয়ার পর থেকে পাকিস্তানে রাজনৈতিক উত্তেজনা স্বাভাবিক হয়ে আসতে শুরু করে। এছাড়া দেশের রাজনীতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঞ্জাব প্রদেশের ক্ষমতায় নওয়াজের দলের ফিরে আসার পক্ষে সুপ্রিম কোর্ট রায় দেওয়া উত্তেজনা আরও কমে আসে। জঙ্গি সহিংসতা এবং অর্থনৈতিক দুরবস্থা সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি এবং পিপিপি নেতৃত্বাধীন সরকারকে। বিশ্লেষকরা বলছেন, সরকার চাইছে নওয়াজের দল সরকারে ফিরে আসুক। তাতে করে এই বোঝা এবং সরকারের কোনো রকম ব্যর্থতার দায়ও তাদের ওপর বর্তানো যাবে। সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ বলেন, সংঘাতময় রাজনীতির ক্ষতি সামাল দেওয়ার ক্ষমতা দেশের নেই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এমএইচবি/২০৩৪ ঘ.