২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তালেবান শাসনের কবলে পাকিস্তানের 'বুনার'

পাকিস্তানে গত সপ্তাহে তালেবানদের দখল করা 'বুনার' জেলায় আরোপ হচ্ছে ইসলামিক শাসন। রাজধানী থেকে মাত্র ১০০ কিলোমিটার দূরের এই জায়গায় তালেবানি শাসনের কারণে জনমনে শঙ্কা বাড়ছে। পুলিশ এবং অধিবাসীরা সোমবার একথা বলেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2009, 11:55 AM

Updated : 26 Aug 2022, 11:19 AM

ইসলামাবাদ, এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পাকিস্তানে গত সপ্তাহে তালেবানদের দখল করা 'বুনার' জেলায় আরোপ হচ্ছে ইসলামিক শাসন। রাজধানী থেকে মাত্র ১০০ কিলোমিটার দূরের এই জায়গায় তালেবানি শাসনের কারণে জনমনে শঙ্কা বাড়ছে। পুলিশ এবং অধিবাসীরা সোমবার একথা বলেছে। পাকিস্তান জুড়ে জঙ্গি সহিংসতা বৃদ্ধি এবং উত্তরপশ্চিমাঞ্চল জুড়ে তালেবান আধিপত্য বাড়ার কারণে পাকিস্তানের স্থিতিশীলতা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। প্রতিবেশী দেশ আফগানিস্তানে স্থিতিশীলতা ফেরাতে পাকিস্তান যুক্তরাষ্ট্রের কাছে গুরুত্বপূর্ণ। কিন্তু সরকার জঙ্গি হামলা কিংবা সীমান্ত দিয়ে আফগানিস্তানে জঙ্গি অনুপ্রবেশ কোনটাই ঠেকাতে পারছে না। সোয়াত উপত্যকায় সহিংসতা অবসানের চেষ্টায় সরকার তালেবানদের সঙ্গে ইসলামিক শরিয়া আইন চালু নিয়ে ফেব্র"য়ারিতে চুক্তি করার পর সেখান থেকে বহু তালেবান কোনওরকম বাধা ছাড়াই গত সপ্তাহে বুনার জেলায় প্রবেশ করে। এরপরই সেখানে সংঘাত শুরু হয়। বুনারের অধিবাসীরা জঙ্গিদের রুখতে একটি মিলিশিয়া বা 'লস্কর' গঠন করেছে। কর্তৃপক্ষ তালেবান জঙ্গিদেরকে সেখান থেকে সরে যাওয়ার জন্য রাজি করানোর চেষ্টায় আলোচনা চালিয়ে গেলেও জঙ্গিরা ওই জেলা দখলে রাখতে বদ্ধপরিকর। পুলিশের ডেপুটি সুপারিন্টেনডেন্ট বুনার থেকে টেলিফোনে রয়টার্সকে বলেছেন, সবখানেই তাদের দৌরাত্ম। তারা মসজিদে যাচ্ছে, বাজারে গিয়ে লোকজনদের কাছে ইসলামিক শরিয়া আইন চালুর জন্য সাহায্য চাইছে। বুনার অতিদ্রুত সোয়াত- এ পরিণত হচ্ছে বলে জানান তিনি। সোয়াত এর অবস্থান বুনারের পশ্চিমে। তালেবানরা আফগান সীমান্ত ঘাঁটি থেকে ২০০৭ সালে সোয়াত এ প্রবেশ করে। সোয়াতে সহিংসতা থামাতে পাকিস্তান সরকার সেখানে ইসলামিক শরিয়া আইন চালুর তালেবানি দাবি মেনে চুক্তি করলেও সমালোচকরা বলছেন, এতে জঙ্গিরা কেবল অন্য আরও এলাকা দখল করে নিতে উৎসাহিত হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭৫৪ ঘ.